বিদায়ী মঞ্চে এককে খেলবেন না মারে
এবারের অলিম্পিকস দিয়ে ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা আগেই দিয়েছেন তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী।
ক্যারিয়ারের বিদায়ী মঞ্চ প্যারিস অলিম্পিকসের একক থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অ্যান্ডি মারে। কেবল দ্বৈতে খেলবেন বলে জানিয়েছেন এই ব্রিটিশ টেনিস তারকা।
এবার দিয়ে পঞ্চমবারের মতো অলিম্পিকে অংশ নিচ্ছেন মারে এবং এখান থেকেই ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা আগেই দিয়েছেন তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী।
ক্যারিয়ারে অনেকবার চোট সমস্যায় পড়েছেন মারে, বারবার ছিটকে পড়েছেন কোর্টের বাইরে। তার মাঝেই, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ এই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এ দারুণ সফল তিনি। ২০১২ ও ২০১৬ সালের অলিম্পিকসে সোনার পদক জিতেছেন স্কটল্যান্ডে জন্ম নেওয়া এই খেলোয়াড়।
সবশেষ তিনি চোট পান গত জুনে। কুইন্সে জর্ডান থম্পসনের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ চলাকালীন পিঠের সমস্যায় ছিটকে যান তিনি। সেটাই হয়ে থাকল তার ক্যারিয়ারের শেষ একক ম্যাচ।
ওই চোটেই উইম্বলডন থেকে সরে দাঁড়ান ৩৭ বছর বয়সী মারে। তবে এই আসরেই ডাবলসে একটি ম্যাচ খেলেছিলেন তিনি, হেরে যান প্রথম রাউন্ডেই। উইম্বলডনেই দুটি শিরোপা জিতেছেন তিনি, ২০১৩ ও ২০১৬ সালে; এককে আরেকটি গ্র্যান্ড জিতেছেন ২০১২ সালের ইউএস ওপেনে।
এবার প্যারিস গেমসে ড্যান ইভান্সের সঙ্গে জুটি বেঁধে খেলবেন মারে। প্রথম রাউন্ডে তাদের প্রতিপক্ষ জাপানের তারো দানিয়েল ও কেউ নিশিকোরি জুটি।
