হামজাকে এনওসি দিয়েছে ইংল্যান্ড, এখন ফিফার দিকে তাকিয়ে বাফুফে
বৈশ্বিক ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার প্লেয়ার কমিটির কাছ থেকে অনুমতি পেলে বাংলাদেশের জার্সিতে খেলার ক্ষেত্রে হামজা চৌধুরীর আর কোনো বাধা থাকবে না।
বাংলাদেশের হয়ে হামজা চৌধুরীকে খেলানোর জন্য ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়ে চিঠি দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন; সেই এনওসি মিলেছে। ফলে, লাল-সবুজের জার্সিতে এই ইংল্যান্ড প্রবাসী ফুটবলারের খেলার সম্ভাবনা জোরাল হয়েছে আরও।
এখন আরেকটি ধাপ বাকি আছে, সেটি হচ্ছে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছ থেকে অনুমতি পাওয়া। তা পাওয়া গেলে বাংলাদেশের হয়ে খেলার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না হামজার।
এই ইংলিশ ডিফেন্সিভ মিডফিল্ডারের বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার পর গত অগাস্টের শেষ দিকে তার জন্য এনওসি (নো অবজেশন সার্টিফিকেট) চেয়ে এফএ-কে চিঠি দিয়েছিল বাফুফে।
এফএ-এর কাছ থেকে ছাড়পত্র মেলায় বাফুফে দারস্থ হয়েছে বৈশ্বিক ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির। সেখান থেকে অনুমতি মিললেই বাংলাদেশের হয়ে খেলার দরজা খুলবে হামজার জন্য। সে কার্যক্রম শুরু হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
“ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন থেকে আমরা হামজার বিষয়ে ছাড়পত্র পেয়েছি। এখন ফিফার কাছে পাঠিয়েছি। আশা করছি এক মাসের মধ্যে এ বিষয়ে সব কিছু পরিষ্কার হবে। কোনো সমস্যা না থাকলে হামজা শিগগিরই বাংলাদেশের হয়ে খেলতে পারবে।”
“এক্ষেত্রে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি দেখে সংশ্লিষ্ট দেশের হয়ে খেলার জন্য প্রয়োজনীয় কাগজ-পত্র ঠিক আছে কিনা। এছাড়া তাদের যে নিয়ম-কানুন আছে, সেগুলো ঠিকঠাকভাবে পালন করা হয়েছে কিনা। আমরা প্রয়োজনীয় তথ্যাদি পাঠিয়েছি এবং বলেছি, আরও যদি কোনো তথ্য তাদের প্রয়োজন হয়, আমরা দিব। আশা করি, হামজার বিষয়টি দ্রুতই হয়ে যাবে।”
প্রথম বাংলাদেশি হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা ২০১৫ সালে যোগ দেন লেস্টার সিটিতে। পরের বছর ধারে যোগ দেন বার্টন অ্যালবিয়নে; সেখানে কাটান ২০১৭ পর্যন্ত। গত মৌসুমে ওয়াটফোর্ডে ধারে খেলেছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার। লেস্টার সিটির সঙ্গে হামজার চুক্তি রয়েছে ২০২৭ সাল পর্যন্ত।
বর্তমান জাতীয় দলে খেলছেন ফিনল্যান্ড প্রবাসী কাজী তারিক রায়হান ও ডেনমার্ক প্রবাসী জামাল ভূাঁইয়া।
