২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপের ফুটবলে ইসরায়েলকে নিষিদ্ধের দাবিতে টাইমস স্কয়ারে বিলবোর্ড

গাজায় চলমান হত্যাযজ্ঞের দায়ে ইউরোপের কয়েকটি দেশের ঘরোয়া প্রতিযোগিতায়ও ইসরায়েলের ফুটবলারদের বয়কট করার দাবি তোলা হয়েছে।

ইউরোপের ফুটবলে ইসরায়েলকে নিষিদ্ধের দাবিতে টাইমস স্কয়ারে বিলবোর্ড
নিউইয়র্কের টাইমস স্কয়ারে এই বিলবোর্ডে গাজায় ইসরায়েলের চালানো গণহত্যার প্রতিবাদ জানানো হচ্ছে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2025, 07:22 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

অ্যাডভোকেসি সংগঠন ও ভক্তদের বিভিন্ন গ্রুপের একটি জোট ইসরায়েলকে বয়কট করার জন্য ইউরোপের ফুটবল ফেডারেশনগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।  

বিশ্বকাপ ফুটবলের প্রায় আট মাস আগে মঙ্গলবার হ্যাশট্যাগ গেমওভারইসরায়েল লেখা একটি বিলবোর্ড নিউ ইয়র্কের টাইম স্কয়ারে সচল হয়েছে। আগামী বছর টুর্নামেন্টের ফাইনালসহ আটটি ম্যাচ হবে এখানে। চার বছর পরপর হওয়া ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতার আগামী আসরের অন্য দুই সহ-আয়োজক কানাডা ও মেক্সিকো।        

এই প্রচারণা থেকে গাজায় চলমান হত্যাযজ্ঞের জন্য বেলজিয়াম, ইংল্যান্ড, ফ্রান্স, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নরওয়ে, স্কটল্যান্ড ও স্পেনের ফুটবল ফেডারেশনগুলোর প্রতি ইসরায়েল জাতীয় দলকে বয়কট এবং ঘরোয়া প্রতিযোগিতায় ইসরায়েলের ফুটবলারদের নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়েছে।  

এই বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে ফিফা, উয়েফা ও ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করতে পারেনি রয়টার্স। 

জাতিসংঘের একটি কমিশন তদন্তের সমাপ্তি টেনে মঙ্গলবার বলেছে, গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল। দেশটি এই প্রতিবেদনকে ‘কলঙ্কজনক’ ও ‘মিথ্যা’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। 

প্রতিবাদের আয়োজকরা বলেছে, জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ থাকার পরেই কেবল ‘গণহত্যা’ শব্দটি ব্যবহারে রাজি হয়েছে বিলবোর্ড কোম্পানি।

বর্তমানে ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ‘আই’ গ্রুপে নরওয়ে ও ইতালির পেছনে তৃতীয় স্থানে আছে ইসরায়েল। গ্রুপের শীর্ষ দল সরাসরি বিশ্বকাপে খেলবে, রানার্স-আপ দল খেলবে প্লে-অফে।