১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

১২ ম্যাচে ৯ হারের পরও লিভারপুলে ‘সঙ্কট’ দেখছেন না জেরার্ড, তবে...

৭১ বছরের মধ্যে সবচেয়ে বাজে সময় কাটছে লিভারপুলের, চাপ বাড়ছে কোচ আর্না স্লটের ওপর।

১২ ম্যাচে ৯ হারের পরও লিভারপুলে ‘সঙ্কট’ দেখছেন না জেরার্ড, তবে...
স্টিভেন জেরার্ড। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2025, 08:30 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

টানা জয়ের ধারায় মৌসুমে দুর্দান্ত শুরুর পর লিভারপুল এখন ছুটছে উল্টো রথে। একের পর এক হারে বিপর্যস্ত তারা। আত্মবিশ্বাস যেন ঠেকেছে তলানিতে। সবই মেনে নিচ্ছেন দলটির সাবেক অধিনায়ক স্টিভেন জেরার্ড। তবে এই মুহূর্তে অ্যানফিল্ডে কোনো সঙ্কট দেখছেন না তিনি। তার একটি কথা অবশ্য পরিষ্কার, যেভাবেই হোক এই পতন ঠেকানোর পথ খুঁজে বের করতে হবে কোচ আর্না স্লটকে।

অ্যানফিল্ডে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হয় ইংলিশ চ্যাম্পিয়নরা।

সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১২ ম্যাচে লিভারপুলের নবম হার এটি। সবশেষ তাদের এমন বাজে অভিজ্ঞতা হয়েছিল সাত দশক আগে, ১৯৫৩-৫৪ মৌসুমে।

পরপর তিন ম্যাচে তারা হেরেছে তিন গোলের ব্যবধানে, ১৯৫৩ সালের ডিসেম্বরের পর যা প্রথম। পাঁচ দিনের ব্যবধানে ঘরের মাঠে গোল হজম করেছে তারা সাতটি। 

প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার অভিযানে লিভারপুল নেমে গেছে পয়েন্ট তালিকার ১২ নম্বরে। চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে তারা আছে ১৩তম স্থানে। দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমে দলটিকে লিগ শিরোপা জেতালেও, এখন চাপ বাড়ছে স্লটের ওপর। 

তারপরও লিভারপুলে সঙ্কটের কথা উড়িয়ে দিলেন জেরার্ড। দলটির হয়ে ৭১০ ম্যাচ খেলা সাবেক ইংলিশ মিডফিল্ডার টিএনটি স্পোর্টসে বললেন, শিগগিরই কক্ষপথে ফেরার উপায় খুঁজে বের করতে হবে স্লটকে।

“সঙ্কট বেশ ভারী শব্দ, এই ক্লাবের হয়ে ভালো করেছে, তেমন কিছু খেলোয়াড়ের প্রতি এবং তিন মাস আগে যে কোচ ভালো করেছে, তার প্রতি অসম্মানজনক এটা।”

“তবে অস্বীকার করা যাবে না যে, দলটি খুব সংগ্রাম করছে, তাদের ভয়াবহ সময় কাটছে, আত্মবিশ্বাস সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। কোচ যদি দলে এর সমাধান খুঁজে না পান এবং স্থিতিশীলতা না আনতে পারেন, তাহলে এটা চলতেই থাকবে।”

নিজেদের পরের ম্যাচে আগামী রোববার প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে খেলবে লিভারপুল।