২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একই দিনে রোনালদো ও তার ছেলের গোল

পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের জার্সিতে প্রথম গোলের দেখা পেলেন রোনালদো জুনিয়র, ক্লাব আল নাস্‌রের হয়ে জোড়া গোল করলেন বাবা ক্রিস্তিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2025, 02:52 AM

Updated : 26 Aug 2026, 02:35 PM

ফুটবলের আঙিনায় ক্রিস্তিয়ানো রোনালদোর পরিবারের জন্য স্মরণীয় এক দিন কাটল। পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের জার্সিতে প্রথম গোলের দেখা পেলেন তার ছেলে রোনালদো জুনিয়র। পরে ক্লাব আল নাস্‌রের হয়ে জোড়া গোল করলেন পর্তুগিজ মহাতারকা।

তুরস্কে চলমান ফেডারেশনস কাপে গত বৃহস্পতিবার স্বাগতিকদের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচ দিয়ে পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের হয়ে অভিষেক হয় রোনালদো জুনিয়রের। শনিবার ওয়েলসের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে একটি গোল করেন তিনি। 

কয়েক ঘন্টা পর, রাতে সৌদি প্রো লিগে আল ফায়হার বিপক্ষে আল নাস্‌রের ২-১ ব্যবধানের জয়ে দুটি গোলই করেন ক্রিস্তিয়ানো রোনালদো।

শুরুতে পিছিয়ে পড়ার পর ৩৭তম মিনিটে কাছ থেকে শটে দলকে সমতায় ফেরান ৪০ বছর বয়সী ফরোয়ার্ড। যোগ করা সময়ের চতুর্দশ মিনিটে সফল স্পট-কিকে জয় নিশ্চিত করেন তিনি। 

ক্যারিয়ারে হাজার গোলের পথে আরও এগিয়ে গেলেন রোনালদো, তার গোল হলো মোট ৯৫২টি। 

ক্লাবের হয়ে সবশেষ পাঁচ ম্যাচেই গোল করলেন তিনি, এবারের লিগে তার গোল হলো আটটি।

সাত ম্যাচের সবকটি জিতে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে আল নাস্‌র।