২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠের খেলায় দৈন্যদশাতেও আয়ের খেলায় রেকর্ড ম্যান ইউনাইটেডের

চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে না পারায় আরও সম্ভাব্য ৫ কোটি পাউন্ড আয় হাতছাড়া হয়েছে ক্লাবটির।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2025, 10:13 AM

Updated : 26 Aug 2026, 02:19 PM

মাঠের ফুটবলে স্মরণকালের সবচেয়ে দুঃসময় পার করছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেখানে উন্নতির আভাসও আপাতত নেই। তবে অর্থের খেলায় তাদের উন্নতি দেখা যাচ্ছে। গত মৌসুমে রেকর্ড রাজস্ব আয় করেছে ইংলিশ ক্লাবটি।

২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত আর্থিক হিসেবে গত মৌসুমে ৬৬ কোটি ৬৫ লাখ পাউন্ড (প্রায় ৯০ কোটি ৯ লাখ মার্কিন ডলার) আয় করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আগের মৌসুমের চেয়ে যা ০.৭ শতাংশ বেশি। 

আয় বাড়লেও অবশ্য সার্বিকভাবে ক্ষতি কাটিয়ে লাভের মুখ দেখতে পারেনি তারা। এই মৌসুমে ক্ষতির পরিমাণ ৩ কোটি ৩০ লাখ পাউন্ড। 

তবে তাদের জন্য আশার কথা, বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ফলে ক্ষতির পরিমাণও কমে আসছে। পরিচলন ক্ষতির পরিমাণ যেমন আগের মৌসুমের ৬ কোটি ৯৩ লাখ পাউন্ড থেকে এবার নেমে এসেছে ১ কোটি ৮৪ লাখ পাউন্ডে। সামগ্রিক ক্ষতির পরিমাণ ১১ কোটি ৩ লাখ পাউন্ড থেকে এক মৌসুমেই নেমে গেছে ৩ কোটি ৩০ লাখ পাউন্ডে।

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে না পারায় সম্ভাব্য ৫ কোটি পাউন্ড হাতছাড়া হয়েছে ক্লাবটির। ইংলিশ প্রিমিয়ার লিগেও তাদের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। শীর্ষ লিগে ৫১ বছরের মধ্যে সবচেয়ে বাজে অবস্থানে ছিল তারা। 

চলতি মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগে তারা নেই, লিগের শুরুটা ভালো হয়নি।

তবে ক্লাবের প্রধান নির্বাহী ওমার বেরাদা উচ্ছ্বসিত সব প্রতিকূলতার মধ্যেও আয়ে উন্নতি করতে পেরে। 

“২০২৫-২৬ মৌসুমের জন্য থিতু হতে হতে আমরা ক্লাবের সব দিকেই উন্নতি করতে কঠোর পরিশ্রম করছি। মাঠের ফুটবলের জন্য আমরা সন্তুষ্ট যে ছেলে ও মেয়েদের মূল দলের জন্য এবারের গ্রীষ্মে দারুণ কিছু সংযুক্তি করতে পেরেছি দীর্ঘমেয়াদে দল গড়ার জন্য।”

“মাঠের বাইরে কাঠামোগত ও নেতৃত্বগত পরিবর্তনের মাধ্যমে আমরা তরতাজা ও সুবিন্যস্ত সংগঠন হিসেবে আবির্ভুত হচ্ছি, যারা ক্রীড়ায় ও বাণিজ্যিক লক্ষ্য পূরণে সক্ষম। ক্লাবের জন্য এরকম চ্যালেঞ্জিং একটি মৌসুমেও রেকর্ড রাজস্ব আয়েই ফুটে উঠছে ম্যানচেস্টার ইউনাইটেডের স্থিতিস্থাপকতা, যা এই ক্লাবের প্রতীক।”