২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গোল খরায় একদমই ‘চিন্তিত নন’ কোল পালমার

কোল পালমারের মতো তার দল চেলসিরও সময়টা ভালো যাচ্ছে না।

গোল খরায় একদমই ‘চিন্তিত নন’ কোল পালমার
কোল পালমার। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2025, 08:25 AM

Updated : 10 Sep 2026, 12:35 PM

দেড় বছর আগে চেলসিতে যোগ দিয়েই উড়ন্ত যাত্রা শুরু করেন কোল পালমার। ক্লাবটিতে অভিষেক মৌসুমে গোলের ফুলঝুরি ছুটিয়ে উঠে আসেন পাদপ্রদীপের আলোয়। সাম্প্রতিক সময়ে অবশ্য গোল খরায় ভুগছেন তরুণ উইঙ্গার। তবে, প্রতিপক্ষের গোলমুখে এই ভোগান্তি তার ওপর একটুও প্রভাব ফেলেনি বলে নিশ্চিত করলেন চেলসি কোচ এন্টসো মারেস্কা।

ম্যানচেস্টার সিটি ছেড়ে ২০২৩ সালের সেপ্টেম্বরে চেলসিতে যোগ দের পালমার। দলটির হয়ে প্রথম মৌসুমে লিগে প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বোচ্চ ২২টিসহ সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ২৭ গোল করেন তিনি। সঙ্গে অ্যাসিস্ট করেন ১৫টি।

চলতি মৌসুমেও শুরুটা বেশ ভালো করেন ২২ বছর বয়সী এই ফুটবলার। কিন্তু হঠাৎ করেই যেন গোলের ঠিকানাটা ভুলে গেছেন তিনি; সব প্রতিযোগিতা মিলিয়ে গত আট ম্যাচে পাননি জালের দেখা। কয়েকটি ম্যাচে দারুণ কিছু সুযোগও নষ্ট করেছেন তিনি।

চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৪ গোল করা পালমারের মতো তার দলেরও সাম্প্রতিক সময় ভালো যাচ্ছে না। গত ডিসেম্বর থেকে তারা ঘরোয়া ফুটবলে হেরেছেই বেশি ম্যাচ। কঠিন এই সময়ে লিগে পরের ম্যাচে রোববার লেস্টার সিটির মুখোমুখি হবে চেলসি। শুক্রবার সংবাদ সম্মেলনে উঠল পালমারের ছন্দহীনতার প্রসঙ্গ। তার গোল না পাওয়াটা হতাশার হলেও, খেলোয়াড়ের ওপর এর কোনো বিরূপ প্রভাব পড়েনি বলেই জানালেন কোচ।

?একজন খেলোয়াড় গোল করলে সে খুব খুশি থাকে, কারণ গোলগুলো তার দলকে জিততে সাহায্য করে। তবে সবকিছু মিলিয়ে কোল (পালমার) ভালোই আছে। সে খুশি।”

“সে জানে যে, বর্তমানে সে গোল করতে ভুগছে। তবে মৌসুমের কোনো এক পর্যায়ে এমন হওয়াটা স্বাভাবিক ঘটনা। তাকে অনুশীলনে দেখলেই বুঝবেন, এসব তার ওপর কোনো প্রভাব ফেলছে না।” 

২৭ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে আছে চেলসি, শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ২১ পয়েন্ট পিছিয়ে। 

সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে লেস্টার।