ক্লাবের সবার মানসিকতায় ক্ষুব্ধ ইউনাইটেড কোচ
লিভারপুলের বিপক্ষে খেলোয়াড়রা দারুণ লড়াকু পারফরম্যান্স উপহার দিলেও, এতে খুব আনন্দের কিছু দেখছেন না তিনি।
কেবল মাসের পর মাস নয়, বছরের পর বছর পার হয়ে যাচ্ছে; কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের ফেলে আসা সুদিন আর ফিরছে না। বরং দিন দিন তা আরও খারাপ হচ্ছে। এরপরও ক্লাবের সবাই যেন ‘খুব স্বস্তিতে’ আছে, আর এটাই মানতে পারছেন না দলটির নতুন কোচ হুবেন আমুরি। লিভারপুলের বিপক্ষে খেলোয়াড়রা দারুণ লড়াকু পারফরম্যান্স উপহার দিলেও, এতে খুব আনন্দের কিছু দেখছেন না তিনি।
প্রিমিয়ার লিগে টানা তিন ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচ হেরে লিভারপুলের মাঠে খেলতে নামে ইউনাইটেড। তবে লিগ টেবিলের শীর্ষে থাকা দলটির বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলে ২-২ ড্র করে আমুরির দল।
লিগে আগের তিন ম্যাচে একটিও গোল করতে না পারা দলটিই দ্বিতীয়ার্ধের শুরুতে লিসান্দ্রো মার্তিনেসের গোলে এগিয়ে যায়। খানিক পরই অবশ্য কোডি হাকপোর গোলে সমতায় ফেরে দুর্দান্ত ফর্মে থাকা লিভারপুল। এরপর মোহামেদ সালাহর সফল স্পট কিকে এগিয়েও যায় তারা; কিন্তু পরে আমাদ দিয়ালোর লক্ষ্যভেদে একটি পয়েন্ট পায় সফরকারীরা।
সাত মিনিট যোগ করা সময়ের শেষ মুহূর্তে জয় তুলে নেওয়ার সুবর্ণ সুযোগও পায় ইউনাইটেড; কিন্তু বক্সে ফাঁকায় বল পেয়েও ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন হ্যারি ম্যাগুইয়ার।
কয়েক বছর ধরেই ইউনাইটেডের এমন বাজে, অধারাবাহিক পারফরম্যান্স চলছে। স্পোর্তিংয়ে দারুণ সফল সময় কাটিয়ে গত নভেম্বরে প্রিমিয়ার লিগের দলটির দায়িত্ব নেন আমুরি; কিন্তু এখানে এসে পেতে হচ্ছে তিক্ত স্বাদ।
দুদিন আগে দলের সমালোচনা করে তিনি বলেন, তার খেলোয়াড়রা ভয় নিয়ে মাঠে নামছে। দলকে একটা নাড়া দিতেই ওই মন্তব্য করেছিলেন, লিভারপুল ম্যাচের পর বললেন তিনি।
“এমন কিছুর (দলকে অনুপ্রাণিত করা) চেষ্টা আমি প্রতিদিন করছি। প্রতিদিন দলকে তাড়িত করার চেষ্টা করছি, কখনও কখনও এটা হয়তো সেরা উপায়ে হচ্ছে না, আমরা যা কিছুই করি না কেন সবকিছুতে খেলোয়াড়দের আমি চ্যালেঞ্জ জানাই। কেবল খেলোয়াড়রা নয়, ম্যানচেস্টার ইউনাইটেডের সবাই যেন একটু বেশিই স্বাচ্ছন্দ্যে আছে।”
“তাই আমার মনে হয়, সবার একটা ধাক্কা দেওয়া দরকার এবং দেখুন আজ আমরা ভিন্ন এক দল ছিলাম। সমস্যা আসলে প্রক্রিয়ার নয়, কিভাবে আমরা লড়াইয়ের মুখোমুখি হচ্ছি সেটাই আসল। আমার মনে হয়, এটা একটা ভালো ইঙ্গিত। বিষয়টা আসলে পরিষ্কার, আমরা ঘরের মাঠে টানা তিনটি ম্যাচ হেরেছি এবং কিছু ম্যাচে আমরা কিছু না করেই দুই গোল হজম করেছি।”
বাজে পথচলার মধ্যেই ডিসেম্বরের মাঝামাঝি শিরোপাধারী ম্যানচেস্টার সিটিকে তাদেরই মাঠে হারিয়ে দিয়ে চমক জাগায় ইউনাইটেড। কিন্তু পারফরম্যান্সের সেই ধারা আর ধরে রাখতে পারেনি তারা, হেরে বসে পরের চার ম্যাচেই।
আমুরি তাই স্মরণ করিয়ে দিলেন, কোনো একটা ভালো ফলের পর দলের মধ্যে স্বাচ্ছন্দ্যবোধ কাম্য নয়।
“আজ আমার মন খারাপ, সত্যিই মন খারাপ। দলের পারফরম্যান্সে আমি খুশি, কিন্তু আজ সবাই দলের উদ্দেশ্যে বলবে যে, তারা দারুণ খেলেছে। আজ আমিই একমাত্র ব্যক্তি যে দলকে নিয়ে খুশি নই; তবে আমরা আজ একটা দল ছিলাম।”
লিভারপুল ম্যাচের আগে লিগে ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরেছিল ইউনাইটেড। সেই হতাশা কাটিয়ে, অ্যানফিল্ডে এবারের আশানুরূপ পারফরম্যান্সের পর আগামী রোববার এফএ কাপের তৃতীয় রাউন্ডে আর্সেনালের মুখোমুখি হবে ইউনাইটেড। এর তিন দিন পর লিগে সাউথ্যাম্পটনের বিপক্ষে খেলবে আমুরির দল।
