জুনিয়র ডেভিস কাপের বাছাইয়ে সেরা আটে বাংলাদেশ
টানা দুই জয়ে জুনিয়র ডেভিস কাপের এশিয়া-ওশেনিয়া অঞ্চলের প্রাক-বাছাইয়ের কোয়ার্টার-ফাইনালে উঠেছে বাংলাদেশ।
মালয়েশিয়ার টেনিস কোর্টে আলো ছড়াচ্ছেন রাজীব-কাব্যরা। জুনিয়র ডেভিস কাপে দারুণ গতিতে ছোটা বাংলাদেশও পৌঁছে গেছে এশিয়া-ওশেনিয়া অঞ্চলের প্রাক বাছাইয়ের কোয়ার্টার-ফাইনালে।
মালয়েশিয়ার কুচিংয়ে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বুধবার বাংলাদেশ ২-১ ব্যবধানে গুয়ামকে হারায়। প্যাসিফিক ওশানিয়াকেও একই ব্যবধানে হারিয়ে গ্রুপ পর্বে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ।
গুয়ামের বিপক্ষে প্রথম এককের ম্যাচে বাংলাদেশের রাজিব হোসেন ৬-১, ৬-১ গেমে জেকভ শিয়াওকে হারান। দ্বিতীয় এককে কাব্য গায়েন ২-৬, ১-৬ গেমে জুনহিক সিওর কাছে হারলে ১-১ সমতা ফেরে।
অনূর্ধ্ব-১৬ বছর বয়সীদের নিয়ে হওয়া এই প্রতিযোগিতায় দ্বৈতে কাব্য-তুষার জুটি ৬-২, ৬-৪ গেমে গুয়ামের জুটিকে হারালে সেরা আটে খেলা নিশ্চিত হয় বাংলাদেশের।
