২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্তিনেসের আচরণ নিয়ে ভেবে সময় নষ্ট করতে চান না এমবাপে

কাতার বিশ্বকাপের ফাইনালের পর ড্রেসিং রুমে এবং দেশে ফিরে শিরোপা উদযাপনের সময় ফরাসি তারকাকে নিয়ে ঠাট্টা করেন আর্জেন্টিনা গোলরক্ষক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2022, 06:43 PM

Updated : 29 Dec 2022, 06:46 PM

কাতার বিশ্বকাপের ফাইনাল শেষে আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের আপত্তিকর অঙ্গভঙ্গি, কিলিয়ান এমবাপের উদ্দেশ্যে বিদ্রুপাত্মক মন্তব্য এবং দেশে ফিরেও প্রতিপক্ষকে নিয়ে ‘বাজে আচরণ’ নিয়ে চলছে কড়া সমালোচনা। তবে সেসব নিয়ে একেবারেই মাথা ঘামাতে চান না ফরাসি তারকা।

এমবাপে বললেন, এসব নিরর্থক বিষয় নিয়ে ভেবে সময় নষ্ট করতে চান না তিনি।

বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। রোমাঞ্চ ও উত্তেজনায় ঠাসা ম্যাচ নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ৩-৩ গোলে ড্র ছিল।

ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেন এমবাপে। ফ্রান্সের তিনটি গোলই করেন তিনি। তবে শেষ পর্যন্ত হতাশাই সঙ্গী হয় তার।

ম্যাচের পর ড্রেসিং রুমে উদযাপনের সময় এমবাপের জন্য ‘এক মিনিট নীরবতা পালনের’ ঘোষণা দিয়ে মার্তিনেস মজা করেন বলে গণমাধ্যমের খবর। এরপর আর্জেন্টিনায় পৌঁছে লাখো সমর্থকের সামনে উদযাপনের সময় মার্তিনেস ঠাট্টা করেন এমবাপেকে নিয়ে। ওইদিন ছিল এমবাপের জন্মদিন। একটি ছোট পুতুলে ফরাসি স্ট্রাইকারের মুখচ্ছবি লাগিয়ে কোলে নিয়ে রাখেন আর্জেন্টাইন গোলরক্ষক।

প্রতিপক্ষের এমন আচরণ নিয়ে তিনি বিরক্ত কি-না, আরএমসি স্পোর্টের এমন প্রশ্নের জবাবে এমবাপে বলেন, “(কারো) উদযাপন আমার সমস্যা নয়। এসব নিরর্থক বিষয়ে আমি সময় বা শক্তি অপচয় করি না।” 

৩০ বছর বয়সী এই গোলরক্ষক বিতর্কের জন্ম দেন বিশ্বকাপের শিরোপা মঞ্চেও। আসরের সেরা গোলরক্ষকের পুরস্কার হাতে নিয়ে বাজে অঙ্গভঙ্গি করেন তিনি।

সব কিছু মিলিয়ে দেশকে বিশ্বকাপ জেতানোর স্বপ্ন পূরণ হলেও নিজের ভুলে তীর্যক সমালোচনা এড়াতে পারছেন না অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক। অমন আচরণে তার ক্লাব কোচ উনাই এমেরিও তেমন ‘খুশি নন।’ ক্লাবে ফেরার পর এই খেলোয়াড়ের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।