ইংল্যান্ড দলে জেমসের জায়গায় নতুন মুখ
সামনের দুটি ম্যাচের জন্য প্রথমবার জাতীয় দলে ডাকা হয়েছে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডারকে।
চোটের কারণে জাতীয় দল থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার রিস জেমস। তার জায়গায় প্রথমবারের মতো ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার নিকো ও’রাইলি।
ঘরের মাঠে গত শনিবার প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে চোট পান চেলসির অধিনায়ক জেমস।
ম্যানচেস্টার সিটির একাডেমিতে বেড়ে ওঠা ও’রাইলির ক্লাবটির মূল দলে অভিষেক হয় গত বছর। সিটির সিনিয়র দলের হয়ে ২০ বছর বয়সী ও’রাইলি ৩০ ম্যাচ খেলে ৫ গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন ৩টি।
প্রিমিয়ার লিগ ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপের মতো টুর্নামেন্টে খেলেছেন তিনি। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলেও খেলেছেন। এবার তার সামনে জাতীয় দলে টমাস টুখেলের কোচিংয়ে নিজেকে মেলে ধরার পালা।
ওয়েম্বলিতে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। এরপর ১৪ অক্টোবর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তাদের প্রতিপক্ষ লাটভিয়া।
লাটভিয়ার মাঠে জিততে পারলে, নভেম্বরে বাছাইয়ের শেষ দুই ম্যাচে (সার্বিয়া ও আলবেনিয়ার বিপক্ষে) ২ পয়েন্ট পেলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে ইংল্যান্ডের। অবশ্য গ্রুপের অন্য ম্যাচের ফল পক্ষে এলে সেদিনই বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়ে যেতে পারে ইংল্যান্ডের।
পাঁচ ম্যাচ খেলে শতভাগ সাফল্যে ১৫ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড। সমান ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আলবেনিয়া। চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তিনে সার্বিয়া।
