আতলেতিকোকে তাদেরই অস্ত্রে হারানোর আনন্দ লিভারপুল কোচের
তবে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পরও জয়ের জন্য এতটা ভোগান্তি মানতে পারছেন না আর্না স্লট।
নিজেদের উজাড় করে লড়াই চালিয়ে যাওয়ার জন্য পরিচিত আতলেতিকো মাদ্রিদ। দিয়েগো সিমেওনের দল লড়াই করে যায় শেষ সময় পর্যন্ত। প্রবল মানসিক শক্তিতে বলীয়ান দলটিকে তাদেরই অস্ত্রে হারিয়ে গর্বিত লিভারপুল কোচ আর্না স্লট।
চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে ৩-২ গোলে জিতেছে লিভারপুল।
অ্যানফিল্ডে মাত্র ৬ মিনিটে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল ইংলিশ চ্যাম্পিয়নরা। আতলেতিকোকে প্রবল চাপে ফেলে ঘরের মাঠে বড় জয়ের মঞ্চ তৈরি করে ফেলেছিল লিভারপুল।
সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে মার্কোস ইয়োরেন্তের জোড়া গোলে সমতা ফেরায় আতলেতিকো। ৮১তম মিনিটে ইয়োরেন্তের দ্বিতীয় গোলের পর সম্ভাব্য সেরা ফল মনে হচ্ছিল ড্র। কিন্তু হাল না ছাড়ার মানসিকতা তো আছে লিভারপুলের ডিএনএতেও। যোগ করা সময়ে ভার্জিল ফন ডাইকের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
ম্যাচ শেষে দলের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে মানসিক শক্তির দিকটাকে বেশি গুরুত্ব দিলেন লিভারপুল কোচ স্লট।
“অবিশ্বাস্য মানসিক শক্তিতে পূর্ণ আতলেতিকোকে হারাতে চাইলে, তাদের অস্ত্রেই তাদেরকে ঘায়েল করতে হবে। সেই মানসিকতা আপনার থাকতে হবে। আর আজ আমরা আবার দেখিয়েছি যে, এই মানসিকতা নিয়ে আমারা তাদের হারাতে পারি।”
২-০ গোলে এগিয়ে থাকা অবস্থায় ব্যবধান আরও বাড়িয়ে নিতে না পারার আক্ষেপ ঝরল স্লটের কণ্ঠে। তার মতে, সেই সময়ে আরেকটি গোল পেলে এতটা ভুগতে হতো না তাদের।
“আমি মনে করি, নিজেদের জন্য কাজটা আমাদের সহজ করা উচিত ছিল। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা অবস্থায় তৃতীয় গোলের কয়েকটি সুযোগ আমরা পেয়েছিলাম। দ্বিতীয়ার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় আমাদের একটি শট লাগে পোস্টে। আমরা কয়েকবার গোলের খুব কাছেই ছিলাম। আর যদি ব্যবধান হয় কেবল এক গোল, তখন সবসময়ই যেকোনো কিছু ঘটতে পারে, সেটাই ঘটেছে।”
“তবে আবারও আমরা মানসিক দৃঢ়তা দেখিয়েছি। কারণ, তখনও শেষ ১০ মিনিট খেলা বাকি ছিল। সেই সময়ে আমরা কেবল গোলের জন্য চেষ্টার পর চেষ্টা করে গেছি এবং সেট পিস থেকে গোল করেছি।”
