২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

দলের দাপুটে জয়ে খুব খুশি গুয়ার্দিওলা

ফিল ফোডেন, ইলকাই গিন্দোয়ান ছাড়াও তরুণ জেমস ম্যাকাটির কথা আলাদা করে বললেন ম্যানচেস্টার সিটি কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2024, 07:18 PM

Updated : 26 Aug 2026, 10:34 AM

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা পুনরুদ্ধারের অভিযান বিজয়ীর বেশে করতে না পারার হতাশা দ্বিতীয় ম্যাচেই কাটিয়ে উঠেছে ম্যানচেস্টার সিটি। দাপুটে জয়ও পেয়েছে, স্লোভান ব্রাতিস্লাভাকে গোলবন্যায় ভাসিয়ে। প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার পর দল নিয়ে গর্বিত ইংলিশ ক্লাবটির কোচ পেপ গুয়ার্দিওলা।

শক্তিতে অনেক পিছিয়ে থাকা স্লোভাকিয়ার দলটিকে তাদেরই মাঠে মঙ্গলবার ৪-০ গোলে হারায় সিটি। সাবেক চ্যাম্পিয়নদের হয়ে গোলগুলো করেন ইলকাই গিন্দোয়ান, ফিল ফোডেন, আর্লিং হলান্ড ও জেমস ম্যাকাটি।

ইন্টার মিলানের বিপক্ষে গোলশূন্য ড্র করে ইউরোপ সেরার প্রতিযোগিতায় পথচলা শুরু হয় সিটির। সেখানে থেকে ঘুরে দাঁড়িয়ে প্রথম জয়ে যেন একটু বেশিই উচ্ছ্বসিত গুয়ার্দিওলা।

“এই খেলোয়াড়রা সবাই দুর্দান্ত। আমরা ভালো একটি ম্যাচ খেলেছি, অনেক সুযোগ পেয়েছি এবং আসরে প্রথম তিন পয়েন্ট পেয়েছি।”

বড় ব্যবধানে জয়ের পর পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে সিটির। আর্সেনাল, ইন্টার মিলান, স্পার্তা, স্পোর্তিংয়ের সমান ৪ পয়েন্ট পেয়েও গোল ব্যবধানে এগিয়ে চতুর্থ স্থানে আছে তারা। গুয়ার্দিওলা অবশ্য এখনই এই বিষয়ে ভাবতে চান না। তার মতে, জিতলেই মূল লক্ষ্য পূরণ হবে।

“গোল পার্থক্য নিয়ে আমি ভাবছি না, ম্যাচ জিতলেই যথেষ্ট হবে। আজকে প্রথম জয় পেয়েছি, টেবিল একটু উঁচুতে উঠতে পেরেছি, তাই এটা দারুণ।”

প্রিমিয়ার লিগে গত শনিবার নিউক্যাসলের বিপক্ষে ১-১ ড্র করা ম্যাচে গিন্দোয়ানের পারফরম্যান্স একদমই ভালো লাগেনি গুয়ার্দিওলার। তবে ব্রাতিস্লাভা ম্যাচ কোচের মন জয় করে নিয়েছেন জার্মান মিডফিল্ডার।

“সম্ভবত আট-নয় বছরের মধ্যে সেদিন (নিউক্যাসলের বিপক্ষে) তার পারফরম্যান্স ছিল সবচেয়ে বাজে। সে আজ অসাধারণ খেলেছে।”

গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ গোল করা ফোডেনের এই মৌসুমে শুরুটা ভালো হয়নি। ব্রাতিস্লাভার বিপক্ষে গোলটি মৌসুমে তার প্রথম। তবে ইংলিশ এই ফুটবলারকে নিয়ে আশার আলো দেখছেন গুয়ার্দিওলা।

“দারুণ একটি গোল করেছে সে, স্রেফ পোস্টে বল পাস করেছে। আমি সবসময় বলি ‘বল পোস্টে পাস দাও, শট নয়, তুমি আরও সুযোগ পাবে’। তবে, হ্যাঁ, ধাপে ধাপে এটি (ফোডেনের ছন্দ) ফিরে আসছে।”

১১ বছর বয়সে সিটিতে যোগ দেওয়া এবং ক্লাবটির বয়সভিত্তিক দলে বেড়ে ওঠা ম্যাকাটির পারফরম্যান্সে তো মুগ্ধ গুয়ার্দিওলা। ইংলিশ ক্লাবটির হয়ে প্রথম গোল করা ২১ বছর বয়সী এই তরুণকে সামনেও সুযোগ দেওয়ার কথা বললেন কোচ।

“দারুণ একটি গোল করেছে সে, স্রেফ পোস্টে বল পাস দিয়েছে। আমি সবসময় বলি ‘বল পোস্টে পাস দাও, শট নয়, তুমি আরও সুযোগ পাবে’। তবে, হ্যাঁ, ধাপে ধাপে এটি (ফোডেনের ছন্দ) ফিরে আসছে।”