নতুন মৌসুমে চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন সিটির প্রথম ম্যাচ
ম্যানচেস্টার ইউনাইটেড ও ফুলহ্যাম ম্যাচ দিয়ে শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম।
টানা পঞ্চম শিরোপা জয়ের লক্ষ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে চেলসির বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ম্যানচেস্টার সিটি। এর দুই দিন আগে শুরু হবে ইংল্যান্ডের শীর্ষ লিগের নতুন আসর।
আনুষ্ঠানিক বিবৃতিতে মঙ্গলবার প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ ২০২৪-২৫ মৌসুমের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে।
ওল্ড ট্র্যাফোর্ডে আগামী ১৬ অগাস্ট লিগের প্রথম ম্যাচে ফুলহ্যামকে স্বাগত জানাবে ম্যানচেস্টার ইউনাইটেড। পরদিন গত আসরের রানার্স-আপ আর্সেনালের মাঠে খেলবে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স।
পরে ইতিহাদ স্টেডিয়ামে ১৮ অগাস্ট লড়বে সিটি ও চেলসি। মৌসুমের প্রথম বড় ম্যাচ হতে চলেছে এটি।
এছাড়া ১৭ অগাস্ট এবারের লিগে ফেরা ইপ্সউইচ টাউনের মাঠে খেলতে নামবে লিভারপুল। একই দিন লেস্টার সিটিকে স্বাগত জানাবে টটেনহ্যাম হটস্পার। নিউ ক্যাসল ইউনাইটেডের মাঠে খেলবে সাউদাম্পটন।
আগামী ২৪ ডিসেম্বর ম্যান সিটির মাঠে হবে ম্যানচেস্টার ডার্বি। ফিরতি লড়াইয়ে আগামী বছরের ৫ এপ্রিল ওল্ড ট্র্যাফোর্ডে যাবে গত চারবারের চ্যাম্পিয়নরা।
অগাস্টের মাঝামাঝি শুরু হওয়া লিগে এবার থাকছে না মাঝ মৌসুমের বিরতি। এর বদলে মৌসুম শেষ হওয়ার পর থাকছে লম্বা ছুটি।
