২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পেতে আত্মবিশ্বাসী আন্দ্রেই সান্তোস

চেলসির হয়ে দারুণ সময় কাটানো তরুণ মিডফিল্ডারের চোখে ব্রাজিলের হয়ে নিয়মিত খেলার স্বপ্ন।

ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পেতে আত্মবিশ্বাসী আন্দ্রেই সান্তোস
চেলসির ব্রাজিলিয়ান মিডফিল্ডার আন্দ্রেই সান্তোস। ছবি: ফিফা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2026, 08:32 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

অভিজ্ঞ ও পরীক্ষিত কাসেমিরো, চমৎকার কৌশলের ব্রুনো গিমারাইস এবং সাহসী ও সৃষ্টিশীল লুকাস পাকেতার উপস্থিতিতে ব্রাজিলের মিডফিল্ড যথেষ্ট শক্তিশালী। মাঝমাঠে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের শক্তি আরও বাড়তে পারে তরুণ ও একাধিক পজিশনে খেলতে পারদর্শী আন্দ্রেই সান্তোস যুক্ত হলে।

২০২৬ বিশ্বকাপে খেলার জন্য মরিয়া হয়ে আছেন চেলসি মিডফিল্ডার সান্তোস। চলতি মৌসুমে ক্লাবের হয়ে নিজের মান, বিভিন্ন পজিশনে চমৎকার পারফরম্যান্স এবং নিবেদন দেখিয়েছেন ২১ বছর বয়সী ফুটবলার। ডিফেন্সিভ মিডিফিল্ডার কিংবা অ্যাটাকিং মিডফিল্ডার- যে কোনো ভূমিকার জন্য তিনি তৈরি। তার খেলার মূল শক্তিই বিভিন্ন পজিশনে একই মানে খেলে যাওয়ার সামর্থ্য। 

চলতি মাসের শেষ দিকে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এর আগে ফিফার মুখোমুখি হয়ে সান্তোস বললেন, মাঝমাঠে যে কোনো ভূমিকায় খেলতে তিনি প্রস্তুত। 

“আমি হোল্ডিং মিডফিল্ডার হিসেবেও খেলেছি। আক্রমণ তৈরি ও প্রতিপক্ষের আক্রমণ নষ্টের দিকে মনোযোগ দিয়েছি। আমি দ্বিতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতে পারি। এমনকি মিডফিল্ডে তৃতীয় খেলোয়াড় হিসেবেও খেলতে পারি।”

বর্তমান ব্রাজিল দলে সান্তোসের সবচেয়ে পছন্দের খেলোয়াড় ম্যানচেস্টার ইউনাইটেডের কাসেমিরো। চেলসির তরুণ খেলোয়াড় এই অভিজ্ঞ মিডফিল্ডারের ভক্ত। কাসেমিরোর পাশে খেলার সামর্থ্য নিজের মাঝে দেখেন সান্তোস।

“চেলসির মিডফিল্ডে আমি একাধিক পজিশনে খেলেছি। মোইসেস কাইসেদো যে ভূমিকা পালন করে, কাসেমিরোও তাই করে। আমি অনেকবার কাইসেদোর সঙ্গে খেলেছি। তারা একই ঘরানার। তারা সতীর্থদের জন্য খেলাটা সহজ করে তোলেন।”

মিডফিল্ডে বিভিন্ন পজিশনে ধারাবাহিক ভালো পারফরম্যান্সে চেলসির একাদশে নিজের জায়গা পাকা করে নিয়েছেন সান্তোস। ইংল্যান্ডে ভালো খেলার এই ধারাবাহিকতায় আসন্ন বিশ্বকাপে ব্রাজিলের চূড়ান্ত দলে জায়গা করে নিতে আত্মবিশ্বাসী সান্তোস। 

“এটা গোপন কিছু নয় যে, খেলোয়াড় হিসেবে আমার সবচেয়ে বড় স্বপ্ন বিশ্বকাপে খেলা। ব্রাজিলে জন্ম নেওয়া প্রতিটি ছেলেই এই স্বপ্ন দেখে। বিশ্বকাপে সবচেয়ে বেশি ট্রফি জয়ী জাতীয় দলের প্রতিনিধিত্ব করা বিশেষ কিছু। কার্লো আনচেলত্তি অসাধারণ একজন মানুষ। আমি আশাবাদী যে, তিনি আমাকে বিবেচনায় রাখবেন। এতেই প্রমাণ হয় যে, আমি সঠিক পথে আছি।”

২০২৩ সালে প্রথমবার ব্রাজিল দলে ডাক পান সান্তোস। সেই সময় কোচ ছিলেন রামোন মানেজেস। ফের্নান্দো জিনিস ও দরিভাল জুনিয়রও কোচ ছিলেন কিছু দিন। ২০২৫ সালের মে মাস থেকে সেলেসাওদের দায়িত্বে আছেন আনচেলত্তি। এই সময়ে যে শুধু ব্রাজিল দলে কোচ পরিবর্তন হয়েছে তা নয়, খেলোয়াড় হিসেবে সমৃদ্ধ হয়েছেন সান্তোস। 

“আমি এখন আরও পরিপূর্ণ একজন খেলোয়াড়। আমি শিখেছি, ট্যাকটিক্যালি আরও ভালো কীভাবে খেলা যায়। কখন এগিয়ে যেতে হবে এবং চাপ তৈরি করতে হবে, কীভাবে জায়গা কাভার করতে হবে এবং মাঠে কীভাবে জায়গা নিতে হবে। টেকনিক সবসময়ই থাকবে, তবে সব দিক থেকে: টেকনিক্যাল, ফিজিক্যালি ও ট্যাকটিক্যালি নিজের উন্নতি করতে হবে। ২০২৩ সালের সান্তোসের চেয়ে ২০২৬ সালের সান্তোস ভিন্ন।” 

ভাস্কো দা গামা একাডেমি থেকে উঠে আসা সান্তোস ২০২৩ সালে চেলসির সঙ্গে চুক্তি করেন। এক বছর ধারে ফরাসি লিগের দল স্ত্রাসবুরে খেলার পর ২০২৫ সালে চেলসিতে ফেরেন তিনি। লিগ আঁয় লিয়াম রোসেনিয়ার কোচিংয়ে ধারাবাহিকভাবে শুরুর একাদশে খেলেন সান্তোস। সেই রোসেনিয়ার এখন চেলসির কোচ। 

“তিনিই প্রথম কোচ, যিনি সত্যিকার অর্থে খেলোয়াড় হিসেবে আমার ওপর প্রথম বিশ্বাস রেখেছিলেন। স্ত্রাসবুরে আমাদের দুর্দান্ত একটি বছর কেটেছিল। আর সেটাই আমাকে চেলসিতে ফিরিয়ে এনেছে। তিনি চেলসিতে আসায় আমি খুব খুশি ছিলাম। আমি মনে করি, ক্লাবকে সাফল্যের পথে ফেরাতে রোসেনিয়ার সঠিক ব্যক্তি। তার ট্যাকটিক্যাল সামর্থ্য ও নেতৃত্বের ওপর দলের সবার আস্থা আছে।”  

সান্তোসের মতো চেলসির দুই ফরোয়ার্ড এস্তেভোঁ ও জোয়াও পেদ্রোও স্বপ্ন দেখছেন ব্রাজিলের হয়ে বিশ্বকাপে খেলার। তিনজনই সুযোগ পেলে মানিয়ে নেওয়া অনেক সহজ হবে বলে মনে করেন তরুণ মিডফিল্ডার। 

“অবশ্যই, বিশেষ করে এমন সংক্ষিপ্ত টুর্নামেন্টে। কখনও যদি কোনো কিছু পরিকল্পনা অনুযায়ী না এগোয়, সেই সময় অনেক দিনের গড়ে ওঠা বোঝাপড়া সাহায্য করে। ফুটবলে জোয়াও পেদ্রো ও এস্তেভোঁর মতো দারুণ বন্ধু পেয়েছি এবং একই সময়ে তারা অবিশ্বাস্য খেলোয়াড়ও।”