২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রিদ ডার্বির আগে বিশ্রাম কম পেয়ে একটু চিন্তিত সিমেওনে

১০ দিনের মধ্যে চার ম্যাচের ব্যস্ততা, এর শেষটিতে আবার শক্তিশালী রেয়াল মাদ্রিদের সঙ্গে লড়াই; তবে কোনো অজুহাত না দেখিয়ে ভালো করার ব্যাপারে আশাবাদী আতলেতিকো মাদ্রিদ কোচ।

মাদ্রিদ ডার্বির আগে বিশ্রাম কম পেয়ে একটু চিন্তিত সিমেওনে
রায়ো ভাইয়েকানোর বিপক্ষে জয়ের পর খেলোয়াড়দের সঙ্গে কোচ দিয়েগো সিমেওনে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2025, 05:49 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

নতুন মৌসুমের শুরুতে ভোগান্তিতে পড়া আতলেতিকো মাদ্রিদকে লড়তে হচ্ছে ব্যস্ত সূচির চ্যালেঞ্জের সঙ্গেও। ১০ দিনের মধ্যে খেলতে হচ্ছে চার ম্যাচ, এর শেষটায় অপেক্ষা করছে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ রেয়াল মাদ্রিদ। তবে স্বল্প বিশ্রামকে অজুহাত হিসেবে দেখাচ্ছেন না আর্জেন্টাইন কোচ। দিয়েগো সিমেওনে বলেছেন, নিজেদের নিংড়ে দিয়ে মাদ্রিদ ডার্বির জন্য প্রস্তুত থাকবে তার খেলোয়াড়রা। 

বাংলাদেশ সময় শনিবার রাত সোয়া আটটায় লা লিগায় শুরু হবে মাদ্রিদের দুই ক্লাবের লড়াই।

রেয়ালের চেয়ে এই ম্যাচের জন্য একদিন কম বিশ্রাম পেয়েছে আতলেতিকো। গত মঙ্গলবার সবশেষ মাঠে নেমেছে শাবি আলোন্সোর দল, খেলেছে লেভান্তের বিপক্ষে। পরদিন রায়ো ভাইয়েকানোর বিপক্ষে খেলেছে আতলেতিকো। তবে শুক্রবার সংবাদ সম্মেলনে কোনো অজুহাদ না দেখিয়ে নিজেদের উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন সিমেওনে।

“আমরা স্রেফ ম্যাচটির জন্য প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছি এবং ৯ (আসলে ১০) দিনের মধ্যে চার ম্যাচের এই সূচি শেষ করার দিকে তাকিয়ে আছি। খেলোয়াড়দের কেবল তিন দিন বিশ্রাম নিয়ে (ম্যাচের প্রস্তুতির জন্য) অনেক চেষ্টা করতে হবে।” 

মৌসুমের শুরুটা ভালো হয়নি আতলেতিকোর। ৬ ম্যাচে দুই জয় ও তিন ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে দলটি। টানা ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে চূড়ায় রেয়াল। শাবি আলোন্সোর দলের মুখোমুখি হওয়ার আগে সবশেষ পাঁচ ডার্বি থেকে অনুপ্রেরণা নিতে পারেন সিমেওনে; লা লিগায় রেয়ালের বিপক্ষে সবশেষ পাঁচ ম্যাচে হারেনি তার দল। তবে সেই পথে হাঁটছেন না আতলেতিকো কোচ।

“আমি অতীতে বাস করি না, বর্তমানে থাকি। (রেয়াল) মাদ্রিদ তাদের খেলায় উন্নতি করেছে। পজিশনের দিক থেকে তারা আক্রমণে ভালো এবং কোচ (শাবি আলোন্সো) তাদের রক্ষণ নিয়ে কাজ করেছে। তাদেরকে উপরে তুলে চাপ তৈরি করছে, যে কারণে তারা নিজেদের সব ম্যাচ জিতেছে।” 

মৌসুমের শুরুটা ভালো না হলেও সিমেওনে আশাবাদী, সময় গড়ানোর সঙ্গে আরও ভালো ফল করবে আতলেতিকো।

“আমাদের আট জন নতুন খেলোয়াড় এবং গত মৌসুমের সাত জন। আমরা আরও ভালো দল হয়ে ওঠার চেষ্টার মধ্যে আছি। আমরা ভালো কিছু কাজ করেছি এবং অভিযানের এই পর্যায়ে বাকি ক্ষেত্রে উন্নতি প্রয়োজন।”

“আশা করি, ম্যাচের পর ম্যাচে আমরা বিকশিত হব, দিন দিন আরও ভালো হব।”