‘মেসি আমার চেয়ে ভালো? আমি মানি না’
তার বিলিয়নেয়ার হওয়ার খবর নিয়ে মজাও করলেন পর্তুগিজ তারকা।
ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মধ্যে কে সেরা?- এই বিতর্কের যেন কোনো শেষ নেই। ফুটবলার, বিশেষজ্ঞ ও সাংবাদিকদের মতামতের প্রেক্ষিতে এবার পর্তুগিজ তারকা নিজের মতামত জানালেন। আগের মতো নিজেকেই সেরা দাবি করলেন তিনি।
বিখ্যাত সাংবাদিক পিয়ার্স মর্গ্যানকে একটি সাক্ষাৎকার দিয়েছেন রোনালদো, যেটা প্রচারিত হবে মঙ্গলবার। এর একটি ছোট অংশ প্রকাশ হয়েছে সোমবার। তাতে ফুটবল বিশ্বে গত দেড় দশকের সবচেয়ে আলোচিত ওই বিতর্ক নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
‘অনেকে বলে, মেসি আপনার চেয়ে ভালো, আপনি কী মনে করেন?’- এই প্রশ্নের উত্তরে সাবেক রেয়াল মাদ্রিদ তারকা বলেন, “মেসি আমার চেয়ে ভালো? এই মতের সঙ্গে আমি একমত নই। এখানে আমি বিনয়ী হতে চাই না।”
সম্প্রতি রোনালদোকে ঘিরে মাঠের বাইরের একটি খবরও বেশ আলোচনার জন্ম দেয়। প্রথম শত কোটি ডলারের ফুটবলার হিসেবে নাম উঠে আসে তার।
বিষয়টি নিয়ে বেশ মজার ছলেই উত্তর দেন আল নাস্র তারকা।
“এটা সত্যি নয়। আমি অনেক বছর আগেই বিলিয়নেয়ার (শত কোটির মালিক) হয়েছি।”
আগামী ফেব্রুয়ারিতে ৪১ বছর পূর্ণ হবে রোনালদোর। কিন্তু ফুটবলের আঙিনায় এখনও থামাথামির নাম নেই পর্তুগাল অধিনায়কের। জাতীয় দল কিংবা ক্লাব ফুটবল, সবখানেই ছুটছেন আপন ছন্দে।
গত শনিবার সৌদি প্রো লিগে আল ফায়হার বিপক্ষে আল নাস্রের ২-১ ব্যবধানের জয়ে দুটি গোলই করেন রোনালদো।
স্বপ্নের হাজার গোলের পথে এগিয়ে যাচ্ছেন তিনি। ক্যারিয়ারে এখন তার মোট গোল ৯৫২টি।
