২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর উদযাপনের সময় বের্নাবেউয়ে গ্রেপ্তার হয়েছিলেন ইন্টারের ফুটবলার

২০১০ সালে ইতালিয়ান ক্লাবটির সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের একমাত্র সদস্য হিসেবে এবারের দলে আছেন এই অস্ট্রিয়ান ফরোয়ার্ড, ইউরোপ সেরার মঞ্চে আরেকটি শিরোপা জয়ের হাতছানি তার সামনে।

চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর উদযাপনের সময় বের্নাবেউয়ে গ্রেপ্তার হয়েছিলেন ইন্টারের ফুটবলার
ইন্টার মিলানের হয়ে দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হাতছানি মার্কো আর্নাতোভিচের সামনে। ছবি: আর্নাতোভিচের ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2025, 07:17 PM

Updated : 26 Aug 2026, 12:48 PM

ইন্টার মিলানের সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর কেটে গেছে দেড় দশক। ইউরোপ সেরার মঞ্চে ইতালিয়ান ক্লাবটির আরেকটি ফাইনালের আগে চমকপ্রদ তথ্য দিলেন ১৫ বছর আগের শিরোপা জয়ী দলের সদস্য মার্কো আর্নাতোভিচ। সেবার জয়ের পর উদযাপনের সময় ক্লাবটির সমর্থক ভেবে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ!   

২০১০ সালে রেয়াল মাদ্রিদের ঘরের মাঠ, সান্তিয়াগো বের্নাবেউয়ে ওই ফাইনালে বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো ইউরোপ সেরা হয়েছিল ইন্টার। জোসে মরিনিয়োর কোচিংয়ে ওই মৌসুমে ‘ট্রেবল’ জিতেছিল মিলানের দলটি।

সেই সময় ধারে ইন্টারে থাকা আর্নাতোভিচ যদিও বায়ার্নের বিপক্ষে ফাইনালে খেলার সুযোগ পাননি। সেবার শিরোপা জয়ের পর ইন্টার আরেকবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলতে পারে ২০২৩ সালে, যেখানে তারা হেরে যায় ম্যানচেস্টার সিটির বিপক্ষে। তখন অবশ্য অন্য ক্লাবে ছিলেন আর্নাতোভিচ।

আগামী শনিবার আরেকটি ফাইনালে ইন্টার খেলবে পিএসজির বিপক্ষে। ক্লাবের সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের একমাত্র সদস্য হিসেবে এবারের দলে আছেন আর্নাতোভিচ।

বের্নাবেউয়ে চ্যাম্পিয়ন হওয়ার সময় আর্নাতোভিচ ছিলেন দলের নবীন সদস্য, বয়স ছিল ২১ বছর। এখন তার বয়স ৩৬ বছর এবং ড্রেসিং রুমের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়দের একজন তিনি। যদিও খেলার সুযোগ খুব বেশি মেলে না তার। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮ ম্যাচে কেবল ৯০৮ মিনিট খেলে সাতটি গোল করেছেন এই অস্ট্রিয়ান ফরোয়ার্ড।  

পিএসজির বিপক্ষে ফাইনালের আগে ক্লাবের ‘মিডিয়া ডে’তে আর্নাতোভিচ ফিরে গেলেন ১৫ বছর আগের স্মৃতিতে।

“তখন আমি অনেক ছোট ছিলাম, লকার রুমে বলতে গেলে কোনো চাপ অনুভব করিনি। এখন সবকিছু আলাদা, আমি সবসময় দলে ইতিবাচকতা আনার চেষ্টা করি।”

শিরোপা জয়ের সেই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি আর্নাতোভিচ। বেঞ্চে অথবা স্ট্যান্ডে কেটেছিল তার সময়। উদযাপনের সময় তাকে গ্রেপ্তার করা পুলিশ সদস্যরা বুঝতেই পারেনি যে, তিনি একজন খেলোয়াড়!

“বের্নাবেউয়ে আমাকে দুবার গ্রেপ্তার করা হয়েছিল। আমি স্ট্যান্ডে ছিলাম এবং জয়ের পর মাঠে নেমে যাই। উত্তেজনায় আমার অ্যাক্রিডিটেশন কার্ড ছুড়ে ফেলে দিয়েছিলাম, জানতাম না কোথায় পড়েছিল। তারপর কিছু সমর্থক আমাকে ডাকল, আমি স্ট্যান্ডে গেলাম এবং যখন ফিরে আসার চেষ্টা করলাম, পুলিশ আমাকে থামিয়ে দিল।”

মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় আগামী শনিবার হয়তো প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মাঠে নামার সুযোগ পাবেন আর্নাতোভিচ। বদলি হিসেবে তাকে খেলাতে পারেন কোচ সিমোনে ইনজাগি।

এবার যদি তিনি তার দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতেন, তাহলে হয়তো কেউ তাকে সমর্থক ভেবে ভুল করবে না!