১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দ্রুততম মানবের খেতাব ফিরে পেলেন ইমরানুর

১০০ মিটার স্প্রিন্টে এ নিয়ে পঞ্চমবারের মতো দেশসেরা হলেন ইংল্যান্ড প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমান।

দ্রুততম মানবের খেতাব ফিরে পেলেন ইমরানুর
ইমরানুর রহমান ও সুমাইয়া দেওয়ান। ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2025, 07:55 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

চোটের কারণে জাতীয় অ্যাথলেটিক্সে অংশ নিতে পারেননি ইমরানুর রহমান। ইংল্যান্ড প্রবাসী এই স্প্রিন্টার সামার অ্যাথলেটিক্স দিয়ে ফিরলেন ঘরোয়া আসরে। বাজিমাতও করলেন। ইমরানুরের মতো মেয়েদের ১০০ মিটারে সেরার মুকুট ফিরে পেয়েছেন সুমাইয়া দেওয়ান।

জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে শুক্রবার ১০ দশমিক ৬৪ সেকেন্ড টাইমিং করে সেরা হন বাংলাদেশ নৌবাহনীর হয়ে দৌড়ানো ইমরানুর। বাংলাদেশ সেনাবাহিনীর আব্দুল মোতালেব ১০ দশমিক ৮৬ সেকেন্ড নিয়ে হয়েছেন দ্বিতীয়।

ইমরানুরের অনুপস্থিতিতে জাতীয় অ্যাথলেটিক্সে দ্রুততম মানবের পদক জেতা ইসমাইল হোসেন সামার অ্যাথলেটিক্সে এসে হলেন তৃতীয়। ১০ দশমিক ৮৮ সেকেন্ড নিয়ে দৌড় শেষ করেছেন তিনি।

ঘরোয়া প্রতিযোগিতায় এ নিয়ে ১০০ মিটারে পঞ্চমবার সেরা হলেন ইমরানুর।

১২ দশমিক ১৯ সেকেন্ড টাইমিং করে দ্রুততম মানবীর খেতাব জিতেছেন সুমাইয়া। জাতীয় অ্যাথলেটিক্সের সেরা শিরিন আক্তার জমজমাট লড়াইয়ে হেরে দ্বিতীয় হয়েছেন; ১২ দশমিক ২১ সেকেন্ড সময় নিয়ে।

২০২২ সালে প্রথমবারের মতো ১০০ মিটারে সেরা হয়েছিলেন সুমাইয়া।

প্রথম দিনে দুটি জাতীয় রেকর্ড হয়েছে । ডিসকাস থ্রোয়ে (পুরুষ) ৪৬ দশমিক ৯৪ মিটার দূরত্ব অতিক্রম করে রেকর্ড গড়েন বাংলাদেশ সেনাবাহিনীর আব্দুল আলিম। এই ইভেন্টে আগের রেকর্ডটি ২০১০ সালে গড়েছিলেন  আজহারুল ইসলাম (৪৪ দশমিক ৯৮ মিটার)।

শটপুট (মহিলা) ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাত বেগম ১৩ দশমিক ৯১ মিটার দুরত্ব অতিক্রম করে ভেঙেছেন বাংলাদেশ নৌবাহিনীর হয়ে জাকিয়া আক্তারের গড়া ১৩ দশমিক ৫২ মিটারের রেকর্ড।