২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জাতীয় দলের ম‍্যাচ বাদ দিয়ে’ সমালোচনার মুখে এমবাপে

ফ্রান্স দলের প্রতি তারকা এই ফরোয়ার্ডের নিবেদন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2024, 05:36 PM

Updated : 26 Aug 2026, 10:36 AM

চোট থেকে সেরে উঠে রেয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামলেও আপাতত ফ্রান্সের হয়ে খেলছেন না কিলিয়ান এমবাপে। নেশন্স লিগের আসছে দুই ম্যাচের দলে নেই তারকা এই ফরোয়ার্ড। এনিয়ে রীতিমতো শূলে চড়ানো হচ্ছে বিশ্বকাপ জয়ী ফুটবলারকে।

বুদাপেস্টে আগামী বৃহস্পতিবার ইসরায়েলের মুখোমুখি হবে ফ্রান্স। চার দিন পর ব্রাসেলসে বেলজিয়ামের বিপক্ষে লড়বে তারা।

গত ২৪ সেপ্টেম্বর লা লিগায় আলাভেসের বিপক্ষে ম্যাচে বাম পায়ের ঊরুর পেশিতে চোট পান এমবাপে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, অন্তত ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। কিন্তু দ্রুতই সেরে ওঠেন তিনি।

গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে লিলের বিপক্ষে ১-০ গোলে হারা ম্যাচে শেষ ৩৫ মিনিট খেলেন এমবাপে। পরে লা লিগায় ভিয়ারেয়ালের বিপক্ষে ফেরেন রেয়ালের শুরুর একাদশে। 

পরদিন নেশন্স লিগের আসন্ন দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম। তিনি বলেন, পুরোপুরি সেরে ওঠার জন্য এমবাপেকে বিশ্রাম দিয়েছেন তিনি। কিন্তু অধিনায়ককে দলে না দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ফরাসি সমর্থকরা। 

দলের সেরা ফরোয়ার্ডকে নিয়ে চলছে প্রবল সমালোচনা। ফ্রান্সের সাবেক ফুটবলার ম‍্যাক্সিম বসিস সোমবার ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপের সঙ্গে আলাপকালে কড়া সমালোচনা করেন।

“হয় আপনি চোট পেয়েছেন, নিজের ক্লাবের হয়ে খেলতে পারছেন না এবং আপনাকে জাতীয় দলে ডাকা হয়নি। কিন্তু যখন আপনি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বেঞ্চ থেকে মাঠে নেমে যাচ্ছেন এবং লিগ ম্যাচে শুরুর একাদশে খেলেছেন, তখন বিষয়টা পরিস্থিতি ঘোলাটে করে ফেলে। সে বিশেষ একজন খেলোয়াড়। মিশেল প্লাতিনির জন‍্য আমরা এই ব‍্যাপারটার সঙ্গে পরিচিত। যখন তিনি চোট পেতেন তখনও তাকে আমরা দলে চাইতাম।”

এমবাপে ফ্রান্স দলের অধিনায়ক হওয়ায় তার দলে না থাকা বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। প্রশ্ন তোলা হচ্ছে জাতীয় দলের প্রতি তার নিবেদন নিয়ে। সঙ্গে আলোচনায় উঠে আসছে গত সপ্তাহে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলা অঁতোয়ান গ্রিজমানের নাম, যাকে পেছনে ফেলে অধিনায়কের আর্মব্যান্ড পেয়েছেন এমবাপে।

ফ্রান্সের প্রতি নিবেদন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রাখেননি গ্রিজমান। আতলেতিকো মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের হয়ে টানা ৮৪ ম্যাচ খেলার রেকর্ড গড়েন।

এমবাপে ও গ্রিজমানকে নিয়ে নিজেদের ভাবনার কথা লেকিপের সঙ্গে আলাপে তুলে ধরেন ফ্রান্স ফুটবলের সমর্থকদের প্রধান গ্রুপের মুখপাত্র ফাবিয়াঁ বুনে। 

“অধিনায়ক হিসেবে এমবাপেকে অবশ্যই সমর্থকদের জন্য উদাহরণ হতে হবে, কিন্তু তিনি সেটা হতে পারেননি। এখন যেটা উঠে এসেছে তা হলো আসল অধিনায়ক অঁতোয়ান গ্রিজমান, যিনি বিদায় নিয়েছেন।”