‘ইয়ামাল ও রাফিনিয়া ফল নির্ণায়ক’
রেয়াল ওবিয়েদোর গোলরক্ষক আরোন এস্কানদেলের মতে, যেকোনো মুহূর্তে ম্যাচে মোড় ঘুরিয়ে দিতে পারেন বার্সেলোনার দুই তারকা ফরোয়ার্ড।
বার্সেলোনার বিপক্ষে আবার মাঠে নামার আগে দলটির ফুটবলার লামিনে ইয়ামাল ও রাফিনিয়াকে নিয়ে চিন্তিত রেয়াল ওবিয়েদোর গোলরক্ষক আরোন এস্কানদেল। এই স্প্যানিয়ার্ডের চোখে, ওই দুই তারকা ফরোয়ার্ড যেকোনো সময় ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারে।
এবারের লা লিগায় ফিরতি লেগে রোববার বার্সেলোনার মাঠে খেলবে ওবিয়েদো। প্রথম দেখায় গত সেপ্টেম্বরে ঘরের মাঠে ৩-১ গোলে হেরেছিল শক্তিতে অনেক পিছিয়ে থাকা দলটি।
আসছে ম্যাচ দিয়ে বার্সেলোনা দলে ফিরবেন ইয়ামাল; গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে স্লাভিয়া প্রাহার বিপক্ষে ৪-২ ব্যবধানে জয়ের ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি তিনি। রাফিনিয়া অবশ্য ছিলেন এবং পুরোটা সময় খেলেন। চলতি মৌসুমে দুইজনই দারুণ ছন্দে আছেন।
শিরোপাধারীদের বিপক্ষে ফিরতি লড়াইও যে খুব কঠিন হতে যাচ্ছে, তা বুঝতে পারছেন এস্কানদের।
“ম্যাচটা কতটা কঠিন হবে, তা আমরা জানি। তবে আমরা নিজেদের শক্তি সম্পর্কেও জানি এবং আমরা লড়াই করব।”
“ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে ইয়ামাল ও রাফিনিয়া ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে আমাদের নিজেদের খেলায় ও কাজে মনোযোগ দিতে হবে। ভাবতে হবে, কিভাবে তাদের চ্যালেঞ্জ জানানো যায়।”
২০ ম্যাচে মাত্র দুটিতে জিতেছে ওবিয়েদো, ১৩ পয়েন্ট নিয়ে আছে সবার নিচে। সমান ম্যাচে ১৬টিতে জয়ী বার্সেলোনা ৪৯ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।
সবশেষ ম্যাচের ফল কিংবা শক্তির ব্যবধান, কোনোকিছুই আশাব্যঞ্জক নয় ওবিয়েদোর জন্য। তবে অবিশ্বাস্য কিছু করে প্রতিপক্ষকে চমকে দিতে চান এস্কানদেল।
“(বার্সেলোনার বিপক্ষে সফল হওয়ার প্রশ্নে)খুব কঠিন হবে, কিন্তু অসম্ভব নয়। কঠিন পরিশ্রমের মাধ্যমে, সামর্থ্যের শতভাগ দিয়ে, যখন কিছুই আমাদের হারানোর নেই এবং কোচ আমাদের যা করতে বলবেন তার প্রতি আস্থা রেখে খেলতে পারলে আমরা চ্যালেঞ্জ জানাতে পারব।”
“মাঠে আমাদের সামর্থ্যের সবটুকু দিতে হবে। এরপরও ম্যাচ হারলে আমরা হাত মেলাব এবং মাথা উঁচু করে মাঠ ছাড়ব।”
