২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাইয়ে ভুটানের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে সাবিনা-মারিয়ারা

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী ফুটবল কমিটির সভায় বুধবার এই সিদ্ধান্ত হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2024, 09:58 PM

Updated : 26 Aug 2026, 09:52 AM

চার জাতি টুর্নামেন্ট খেলতে আগামী জুলাইয়ে লেবানন যাচ্ছে না বাংলাদেশ নারী ফুটবল দল। একই সময়ে ভুটানে গিয়ে দুটি প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফের নারী ফুটবল কমিটির বুধবারের সভায় ১১ ও ১৪ জুলাই ভুটানে ম্যাচ দুটি খেলার সিদ্ধান্ত হয়েছে। দুটি ম্যাচই হবে দেশটির রাজধানী থিম্পুতে।

সাবিনা-মারিয়ারা সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন চাইনিজ তাইপের বিপক্ষে; কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে।

ওই দুই প্রীতি ম্যাচেই হেরেছিল দল। গত ৩১ মে প্রথম ম্যাচে ৪-০ ব্যবধানে এবং ৩ জুন দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে হেরেছিল মেয়েরা।

আগামী অক্টোবরে নেপালে শুরু হবে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ। এবার দেশটিতে মেয়েরা যাবে মুকুট ধরে রাখার মিশন নিয়ে। 

সাফের প্রস্তুতির জন্য শক্তিশালী দলের বিপক্ষে খেলার লক্ষ্য ছিল বাংলাদেশের। এ কারণে জুলাইয়ে লেবাননের টুর্নামেন্ট ছিল ভাবনায়। কিন্তু ফিলিস্তিনের ওপর চলা ইসরায়েলের আগ্রাসনে প্রায়ই আক্রান্ত হচ্ছে লেবাননও। তাই সেখানে খেলার ভাবনা থেকে সরে এসে বাফুফে বেছে নিল ভুটানকে।