ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের দ্বিতীয় দিন সূচকের ওঠানামা চলেছে দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
সোমবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর থেকেই সূচকে ওঠানামা চলতে থাকে। দিনশেষে ডিএসইর সাধারণ সূচক পৌঁছায় ৪ হাজার ৮ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে প্রায় ৯ পয়েন্ট কম।
হাতবদল হয় প্রায় ২১০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ৫৫টির শেয়ারের, কমে ১৯৪টির এবং অপরিবর্তিত ছিল ১৬টির দাম।
সপ্তাহের প্রথম দিন কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর লেনদেন শুরু হওয়ার পর সূচক কমে প্রায় ৪৮ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ২১৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমে ৩ দশমিক ৪৩ শতাংশ বা প্রায় ১৪৪ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২৩০ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ২.৭৩ শতাংশ বেশি।
এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে ১ দশমিক ৬২ শতাংশ বা প্রায় ৬৭.০২ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২২৪ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৭.৭১ শতাংশ কম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪৪১ ঘ.
bdnews24