ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের প্রথম দিন দেরিতে লেনদেন শুরুর পর দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচক কমেছে।
রোববার কারিগরি ত্রুটির জন্য সকাল সাড়ে ১০টার বদলে সাড়ে ১১টায় লেনদেন শুরু হওয়ার পর সূচক কমতে থাকে। দেরিতে লেনদেন শুরু হওয়ায় নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পর দুপুর তিনটায় লেনদেন শেষ হয়।
দিনশেষে ডিএসইর সাধারণ সূচক পৌঁছায় ৪ হাজার ১৮ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে প্রায় ৪৮ পয়েন্ট কম।
হাতবদল হয় প্রায় ২১৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ৩৭টির শেয়ারের, কমে ২১৪টির এবং অপরিবর্তিত ছিল ১৩টির দাম।
গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমে ৩ দশমিক ৪৩ শতাংশ বা প্রায় ১৪৪ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২৩০ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ২.৭৩ শতাংশ বেশি।
এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে ১ দশমিক ৬২ শতাংশ বা প্রায় ৬৭.০২ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২২৪ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৭.৭১ শতাংশ কম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫৪৮ ঘ.
bdnews24