ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের প্রথম দিন ব্যাপক ওঠানামার পর ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয়েছে ৬ পয়েন্ট। লেনদেন হয়েছে ৫০০ কোটি টাকার ওপরে।
রবিবার বেলা সাড়ে ১০টায় লেনদেন শুরুর আধা ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৬৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫১১ পয়েন্ট হয়। এর পর ওঠানামার মধ্যে লেনদেন চলতে থাকে।
দিন শেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৫২ পয়েন্টে দাঁড়ায়।
ওই সময় পর্যন্ত হাতবদল হয় প্রায় ৫৪১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১২৩টির, কমে ১২৩টির এবং অপরিবর্তিত ছিল ২২টির দাম।
এর আগে গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ঢাকার পুঁজিবাজারে লেনদেন শেষ হয় দরপতনের মধ্য দিয়ে। ডিএসইর সাধারণ সূচক প্রায় ৬ দশমিক ৫৬ পয়েন্ট কমে ৪ হাজার ৪৪৬ পয়েন্টে দাঁড়ায়।
তবে হাতবদল হয় প্রায় ৭৮৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা গত চার মাসে সর্বোচ্চ। এর মধ্যে দাম বাড়ে ১১৬টির, কমে ১৪৭টির এবং অপরিবর্তিত ছিল ১২টির দাম।
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয় ১৯১ পয়েন্ট। এই হার গত আট সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এ সপ্তাহে প্রতিদিনই ৫০০ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে ডিএসইতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/জেকে/১৫২০ ঘ.
bdnews24