ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সার্ভারে সমস্যার কারণে দেশের পুঁজিবাজারে সোমবারের লেনদেন নিষ্পত্তিতে জটিলতা দেখা দিয়েছে।
সমস্যা সমাধানের চেষ্টা চললেও মধ্যরাত পর্যন্ত লেনদেন নিষ্পত্তি হয়নি বলে একাধিক ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের কর্মকর্তা জানিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালী আশা করছেন, মঙ্গলবার সকালের মধ্যে এই সমস্যার সমাধান হবে।
তিনি রাত পৌনে ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিডিবিএলের সফটওয়্যারে সমস্যার কারণে আজকের লেনদেন এখনো নিষ্পত্তি হয়নি।”
“সিডিবিএলের পক্ষ থেকে এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে। সমস্যা সমাধান হলে লেনদেন নিষ্পত্তি করা হবে।”
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ এ হাফিজও জানান, গভীর রাত পর্যন্ত সমস্যা সমাধানের কাজ চলছিল।
এ বিষয়ে সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এইচ সামাদ বলেন, “সমস্যা সমাধানে সিঙ্গাপুর ও মুম্বাইয়ের কারিগরি সহায়তা নিয়ে সিডিবিএলের কারিগরি দল কাজ করে যাচ্ছে।”
কারিগরি সমস্যার বিষয়টি পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) জানানো হয়েছে বলে জানান তিনি।
“যেহেতু এটি একটি কারিগরি সমস্যা এবং অনেক সময় অতিবাহিত হয়েছে, তাই আগামীকালের মধ্যে আজকের সমস্যা সমাধান হলেও কিছুটা কারিগরি ত্রুটি থাকতে পারে,” বলেন সামাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এমআই/০০২৫ ঘ.
bdnews24