২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কয়ার ও এইচআর টেক্সটাইলের মুনাফা বেড়েছে

বস্ত্রখাতের স্কয়ার টেক্সটাইল লিমিটেড ও এইচআর টেক্সটাইল লিমিটেডের আর্থিক বিবরণী প্রকাশ করা হয়েছে। মুনাফা বেড়েছে দুটো কোম্পানিরই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 11:55 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বস্ত্রখাতের স্কয়ার টেক্সটাইল লিমিটেড ও এইচআর টেক্সটাইল লিমিটেডের আর্থিক বিবরণী প্রকাশ করা হয়েছে। মুনাফা বেড়েছে দুটো কোম্পানিরই। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে আর্থিক বিবরণীর তথ্য জানানো হয়। এইচআর টেক্সটাইল লিমিটেড নয় মাসে (অক্টোবর ২০১১-জুন ২০১২) প্রায় ২ কোটি ৮২ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৪ শতাংশ বেশি। গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ২ কোটি ১০ লাখ টাকা। তৃতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ৭৬ লাখ ৮০ হাজার টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় ৬ লাখ ৪০ হাজার টাকা বেশি। স্কয়ার টেক্সটাইল লিমিটেড এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ৪৫ কোটি ৩০ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৮ শতাংশ বেশি। গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ৩৮ কোটি ৪৫ লাখ টাকা। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ২১ কোটি ৮৫ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় ৪ কোটি ১৩ লাখ টাকা বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৭৫১ ঘ.