ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পোষাতে নেওয়া স্কিম বাস্তবায়িত করে সে প্রতিবেদন ৩০ আগস্টের মধ্যে জমা দিতে বলেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
মঙ্গলবার এসইসির সভায় এ সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব স্টক ব্রোকারদের প্রাথমিকভাবে এ প্রতিবেদন তাঁদের নিজস্ব স্টক এক্সচেঞ্জে ১৪ অগাস্টের মধ্যে জমা দিতে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পূর্ণ প্রতিবেদন ৩০ আগস্টেও মধ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) জমা দেবে ।
মার্চেন্ট ব্যাংকগুলোর প্রাথমিক প্রতিবেদন ১৪ আগস্টের মধ্যে ক্ষতিপূরণের বিষয়টি পরিপালন করে এ তথ্য এসইসিতে জমা দিতে হবে। একই সঙ্গে মার্চেন্ট ব্যাংকের এই সমন্বিত প্রতিবেদন আগামী ৩০ আগস্টের মধ্যে এসইসিতে জমা দেওয়ার জন্য মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনকে নির্দেশ দেওয়া হয়।
সভায় প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য ২০১৪ সালের জুন পর্যন্ত ২০ শতাংশ কোটা সংরক্ষণের বিষয়টি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে মার্চের ৪ তারিখে পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পোষাতে তাদের নেওয়া মার্জিন ঋণের এক বছরের সুদের ৫০ শতাংশ মওকুফ করার সিদ্ধান্ত হয়। প্রাথমিক গণপ্রস্তাবগুলোতে (আইপিও) ২০ শতাংশ কোটাও রাখা হয় তাঁদের জন্য।
গত ১৬ নভেম্বর পুঁজিবাজার সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাজার স্থিতিশীল করার পাশাপাশি ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১১৪৬ ঘ.
bdnews24