২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দরপতন

সপ্তাহের দ্বিতীয় দিন লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক কমেছে প্রায় ১২৮ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 05:22 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের প্রথম দিন সূচক কমার পর দ্বিতীয় দিন দরপতন দিয়ে শেষ হলো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। সোমবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর থেকেই সূচক কমতে থাকে। লেনদেন শেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ১২৮ পয়েন্ট কমে ৪ হাজার ১৪৫ পয়েন্ট হয়। হাতবদল হয় প্রায় ১৬৪ কোটি টাকার শেয়ার। ওই সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ২০টির, কমে ২৪১টির এবং অপরিবর্তিত ছিল ৮টির দাম। সপ্তাহের প্রথম দিন সাধারণ সূচক কমে প্রায় ১৮ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ১১৫ কোটি টাকার শেয়ার যা গত সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন। ডিএসইতে এর আগে এর চেয়ে কম ১০৯ কোটি টাকার লেনদেন হয়েছিল ২০০৮ সালের ১৭ ডিসেম্বর। গত সপ্তাহের চার কর্মদিবসে ডিএসই সাধারণ সূচক ৬ দশমিক ১৭ শতাংশ বা ২৮২ পয়েন্ট কমে। এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচকে যোগ হয় ৬ দশমিক ৩৪ শতাংশ বা ২৭২ পয়েন্ট। তারও আগের সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ৬ দশমিক ৯৪ শতাংশ বা ৩২০ দশমিক ৫৫ পয়েন্ট কমে। এদিকে পুঁজিবাজারে টানা দরপতন ঠেকাতে কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা করতে দুপুরে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) যায় বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতারা। কিন্তু এসইসি চেয়ারম্যান এম খায়রুল হোসেন তাদের সঙ্গে দেখা করেননি। সংগঠনের সভাপতি মিজানুর রশীদ চৌধুরী জানান, তারা সূচকের সার্কিট ব্রেকার গঠন এবং লেনদেন বন্ধ রাখাসহ বিভিন্ন দাবি দাওয়া জানাতে গিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪৪৬ ঘ.