২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: সূচক কমেছে ১৯০ পয়েন্ট

সোমবার সপ্তাহের প্রথম লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক কমেছে প্রায় ১৯০ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 05:12 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের প্রথম লেনদেনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক কমেছে প্রায় ১৯০ পয়েন্ট। সোমবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর থেকেই সূচক কমতে থাকে। লেনদেন শেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৪ দশমিক ১৫ শতাংশ বা প্রায় ১৯০ পয়েন্ট কমে ৪ হাজার ৩৮২ পয়েন্ট হয়। হাতবদল হয় প্রায় ২২৩ কোটি টাকার শেয়ার। লেনদেন হওয়া ২৬৪ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১০টির, কমেছে ২৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টির দাম। গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে ৬ দশমিক ৩৭ শতাংশ বা ২৭২ পয়েন্ট। এর আগের সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ৬ দশমিক ৯৪ শতাংশ বা ৩২০ দশমিক ৫৫ পয়েন্ট কমেছিল। সোমবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, ইউনিক হোটেল, বিএসসিসিএল, গ্রামীণ ফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, জিবিবি পাওয়ার, এনবিএল, মেঘনা পেট্রোলিয়াম, আফতাব অটো, কেয়া কসমেটিকস ও লঙ্কাবাংলা ফাইন্যান্স। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০ টি কো¤পানি হলো, স্টাইল ক্র্যাফট, জিবিবি পাওয়ার, ইউনিক হোটেল, ইউনাইটেড ইন্সুরেন্স, ম্যারিকো, এপেক্স স্পিনিং, প্রগ্রেসিভ লাইফ, গ্ল্যাক্সোস্মিথক্লাইন ও আইবিবি এল পি বন্ড। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০ টি কোম্পানি হলো, পদ্মা লাইফ, তাল্লু স্পিনিং, আইএলএফএসএল, ফিনিক্স ফাইন্যান্স, আরামিট লি., সায়হাম কটন, মেট্রো স্পিনিং, উত্তরা ব্যাংক, উসমানিয়া গ্লাস ও বিএসআরএম স্টিল। সূচক কমার বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের জ্যেষ্ঠ সহ-সভাপতি আহমেদ রশিদ লালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিক্রির চাপেই বাজারে সূচক কমেছে। গত কয়েক দিন সূচক বাড়তে থাকায় অনেকেই লাভ করার উদ্দেশ্যে আজ শেয়ার বিক্রি করেছেন। এ চাপের ফলেই সূচক কমেছে।” “এ ছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ও আজ শেয়ার বিক্রি করে দিয়েছেন,” যোগ করেন তিনি। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির ফিনান্স বিভাগের অধ্যাপক ডা. মোহম্মদ মুসা বলেন, “আর্থিক প্রতিষ্ঠানগুলোতে চলমান তারল্য সংকটের সঙ্গে পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন না করার বিষয়টি অর্থনীতির জন্য নেতিবাচক খবর।” “এছাড়া গত প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ২৬, ২৭ ও ২৮ তারিখে বাজারকে কৃত্রিমভাবে বাড়িয়েছিল। আজ সেই কৃত্রিম চাহিদা না থাকায় সব মিলে সূচক কমেছে,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএএইচ/এসইউ/১৪৪৫ ঘ.