ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ উদ্যোক্তা পরিচালকদের আর সুযোগ দেওয়া হবে না- এসইসির এ ঘোষণার পরদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন শেষে যোগ হয়েছে দেড়শ’ পয়েন্ট।
বুধবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম ঘণ্টায় সূচকে ওঠানামা চললেও পরের ঘণ্টা থেকে সূচক বাড়তে থাকে। লেনদেন শেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ১৫০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৫১ পয়েন্ট হয়।
হাতবদল হয় প্রায় ২৭৭ কোটি টাকার শেয়ার, যা গতদিনের চেয়ে ১১৫ কোটি টাকা বেশি। দাম বেড়েছে ২৫৭টি কোম্পানির শেয়ারের, কমেছে ৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির দাম।
টানা দুই দিন পতনের পর মঙ্গলবার ডিএসইর সাধারণ সূচকে যোগ হয় প্রায় ১৩৪ পয়েন্ট।
এর আগে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক কমে প্রায় ২১ পয়েন্ট। সপ্তাহের প্রথম দিন ঊর্ধ্বমুখী সূচক নিয়ে নতুন সপ্তাহের লেনদেন শুরু হলেও দিন শেষে সূচক কমে ১২ দশমিক ৩৫ পয়েন্ট।
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ৬ দশমিক ৯৪ শতাংশ বা ৩২০ দশমিক ৫৫ পয়েন্ট কমে।
পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এসইসি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, যেসব উদ্যোক্তা পরিচালক নির্ধারিত সময়ে ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ হয়েছেন তাদের আর সময় দেওয়া হবে না।
এসইসির নির্দেশনা পরিপালনে ব্যর্থ হয়ে যেসব উদ্যোক্তা পরিচালক পদ হারিয়েছেন, তাদের তালিকা আগামী ১৫ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত করা হবে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে গত ২২ নভেম্বর জারি করা ওই নির্দেশনায় বলা হয়, উদ্যোক্তা-পরিচালকদের কাছে সম্মিলিতভাবে কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে। এছাড়া প্রত্যেক পরিচালকের কাছে থাকবে হবে অন্তত ২ শতাংশ শেয়ার।
তা না হলে একজন পরিচালক আর পরিচালনা পর্ষদে থাকতে পারবে না। আর উদ্যোক্তা-পরিচালকদের হাতে ৩০ শতাংশ শেয়ার না থাকলে ওই কোম্পানি রাইট শেয়ার ও আরপিওর (রিপিট পাবলিক অফারিং) মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়াতে পারবে না। এই নির্দেশনা মানতে ২১ মে পর্যন্ত সময় দেয় এসইসি।
কয়েকজন পরিচালক এসইসির আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে তিনটি আবেদন করলে তা খারিজ হয়ে যায়। এছাড়া এসইসির আইনের যে ধারার ক্ষমতাবলে শেয়ার ধারণের নির্দেশনা দেওয়া হয়েছিল, সেই ২সিসি ধারা চ্যালেঞ্জ করে দায়ের পাঁচটি রিটও উচ্চ আদালত খারিজ করে দেয়।
এর বাইরেও বেশ কয়েকজন পরিচালক নির্দেশনা মানার সময় বাড়ানোর জন্য এসইসিতে আবেদন করলেও নিয়ন্ত্রক সংস্থা তাতে সাড়া দেয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪৫৬ ঘ.
bdnews24