ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের লেনদেন শুরুর দিনে সায়হাম কটন মিলস কোম্পানির শেয়ার লেনদেনের শীর্ষে উঠেছে।
তালিকাভুক্তির পর দেশের দুই শেয়ারবাজারে রোববার লেনদেন শুরু হয় টেক্সটাইল খাতের এ প্রতিষ্ঠানের।
ডিএসইতে মোট লেনদেনের ৬ দশমিক ৭ শতাংশ ছিল সায়হম কটন মিলস কোম্পানির শেয়ার।
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০ টাকা ইস্যু মূল্যের প্রতিটি শেয়ারের লেনদেন শুরু হয় ২৮ টাকা থেকে, যা দিন শেষে দাঁড়ায় ২০ টাকা ১০ পয়সায়।
এদিন ডিএসইতে কোম্পানিটির ৫০ লাখ ৯০ হাজার শেয়ার লেনদেন হয়েছে, যার মূল্য ১১ কোটি ৫০ লাখ টাকা।
সায়হাম কটন মিলসের মোট শেয়ার সংখ্যা ১৩ কোটি ৫২ লাখ ৫০ হাজার। এর মধ্যে ৩৫ দশমিক ১২ শতাংশ অর্থাৎ ৪ কোটি ৭৫ লাখ শেয়ার বাজারে ছেড়ে ৯৫ কোটি টাকা সংগ্রহ করেছে কোম্পানিটি।
প্রতিটি ১০ টাকার শেয়ারে প্রিমিয়াম রাখা হয়েছে ১০ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৬৩৯ ঘ.
bdnews24