ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের প্রথম দিন লেনদেনের শুরুতে সূচক প্রায় দেড়শ’ পয়েন্ট বাড়লেও দিনশেষে দরপতন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
রোববার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম পাঁচ মিনিটেই সূচক এক লাফে বাড়ে ১৪৭ দশমিক ৭৮ পয়েন্ট। এরপর সূচক ক্রমান্বয়ে নিচের দিকে নামতে থাকে। দিনশেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ১২ পয়েন্ট কমে ৪ হাজার ২৮৭ পয়েন্ট হয়েছে।
হাতবদল হয় ১৭৩ কোটি টাকার শেয়ার। এর মধ্যে দাম বেড়েছে ৮১টি কোম্পানির শেয়ারের, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম।
ছয় কার্যদিবস টানা দরপতনের পর গত সপ্তাহের শেষ দিনে ডিএসই সূচক ৪ পয়েন্ট বেড়েছিল। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ৬ দশমিক ৯৪ শতাংশ বা ৩২০ দশমিক ৫৫ পয়েন্ট কমে।
বৃহস্পতিবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) আইনের ২ সিসি ধারা চ্যালেঞ্জ করে ২৪ পরিচালকের করা পাঁচটি রিট আবেদন খারিজ করে দেয় হাই কোর্ট। এর ফলে উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম ২ শতাংশ শেয়ার থাকার বাধ্যবাধকতা রয়ে যায়।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে গত ২২ নভেম্বর একটি আদেশ জারি করে এসইসি। এতে বলা হয়, কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ এবং প্রত্যেক পরিচালকের ন্যূনতম ২ শতাংশ শেয়ার থাকতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪৫৯ ঘ.
bdnews24