ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে দরপতন ঘটিয়ে শেয়ার কেনার জন্য এসইসির আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন হয়েছে বলে আদালতে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ এক আইনজীবী।
বুধবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) আইনের ২ সিসি ধারা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের চতুর্থ দিনের শুনানি হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপক্ষের বক্তব্য শোনার জন্য আবার দিন ধার্য করা হয়েছে।
শুনানির এক পর্যায়ের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আইনজীবি ব্যারিস্টার আমীর-উল ইসলাম আদালতে তথ্য উপাত্ত উপস্থাপন করে বলেন, “এনসিসি ব্যাংকের তিন পরিচালক মে মাসে আদালতে রিট করার পর জুন মাসের তিন, চার ও ১১ তারিখে শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। আবার ২১ মে থেকে ২০ জুন পর্যন্ত ডিএসই সূচক দরপতনের ধারায় রয়েছে।”
“আদালতে রিট করা হচ্ছে আবার অন্যদিকে শেয়ার ক্রয়ের ঘোষণাও দেওয়া হচ্ছে। যদি রিট করা হবে তাহলে শেয়ার ক্রয়ের আদেশ কেন দেওয়া হবে? এ থেকেই সুনির্দিষ্টভাবে বোঝা যাচ্ছে বাজার পতনের নেপথ্যে কারা রয়েছে।”
“পুঁজিবাজারকে অচল করে দেওয়ার জন্য এ রিট করা হয়েছে,” মন্তব্য ব্যারিস্টার আমীরের।
তিনি এসইসির আইনের বৈধতা তুলে ধরে আদালতে বলেন, “এটা কারো মৌলিক অধিকার খর্ব করছে না। কারণ এ আইনের আওতা পড়বে শুধুমাত্র তালিকাভূক্ত কোম্পানিগুলো।”
বুধবার সকালে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চে চতুর্থ দিনের মতো রিটের শুনানি শুরু হয়।
সকালে রিটকারীদের পক্ষে রমজান আলী শিকদার ও ড. কামাল হোসেন বক্তব্য রাখার পর বেলা ১টায় বিরতি দেওয়া হয়। এরপর বেলা ২টায় আবার শুনানি শুরু হলে রিটকারীদের পক্ষে ব্যরিস্টার রোকনউদ্দিন মাহমুদ, মাহমুদুল ইসলাম ও আকতার ইমাম যুক্তিতর্ক তুলে ধরেন।
আমীর-উল ইসলামের বক্তব্য শুনে আদালত মুলতবি করা হয়।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) আইনের ২ সিসি ধারা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে গত ৪ জুন রুল জারি করে আদালত।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অধ্যাদেশ, ১৯৬৯-এর ২ সিসি ধারা চ্যালেঞ্জ করে পাঁচ কোম্পানির ২৪ জন পরিচালকের ৫টি রিট আবেদনের প্রেক্ষিতে আদালত ওই রুল দেয়। অবশ্য এ রিটের আগের দিনই ২ সিসির ক্ষমতাবলে উদ্যোক্তা, পরিচালকদের ন্যুনতম শেয়ার ধারণের নোটিফিকেশনের বৈধতা দেয় উচ্চ আদালত।
২ সিসি ধারাকে ‘সুপার মার্শাল ল’ হিসেবে উল্লেখ করে ড. কামাল তার যুক্তিতর্কে বলেন, “এ আইনের মাধ্যমে এসইসি সুপার মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ক্ষমতা পেয়েছে। এসইসির এ ধরণের ক্ষমতা থাকলে বিদেশি বিনিয়োগ এদেশে আসবে না।”
একটি উদ্ধৃতি টেনে তিনি প্রশ্ন করেন, “সম্পত্তি কার আর মাতব্বরি কে করছে? আমরা কি স্ট্যালিনের দেশে বাস করছি নাকি? স্ট্যালিনের আত্মা কোথা থেকে আসলো।”
এসময় তার বক্তব্যের বিরোধিতা করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “এটা কোনো সত্য ঘটনা নয়। একটা লেখার ওপর ভিত্তি করে এ কথা বলা হচ্ছে।”
ড. কামাল এ নিয়ে চারদিন আদালতে তার বক্তব্য রাখলেন।
২ সিসি ধারার অনুযায়ী উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে এসইসি নির্দেশনা দিয়েছিল। পাঁচটি আবেদনে এ ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। ২ সিসি ধারায় কোম্পানি আইন ১৯৯৪ অথবা বিদ্যমান কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক না হলে নিয়ন্ত্রক সংস্থাকে শর্তারোপের ক্ষমতা দেওয়া হয়েছে।
উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে এসইসির নির্দেশনার বিরুদ্ধে তিনটি রিট আবেদন খারিজের পর দিন গত ২২ মে এনসিসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স ও প্রাইম ফিনান্সের ২৪ জন পরিচালক হাই কোর্টে এই পাঁচটি আবেদন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/আরবি/জেকে/১৯৩৩ ঘ.
bdnews24