ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) আইনের ২ সিসি ধারা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
মঙ্গলবার প্রায় ২২ মিনিট শুনানি চলার পর বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ বুধবার শুনানির পরবর্তী দিন রাখেন।
মঙ্গলবার রিচকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন রমজান আলী শিকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
রিটকারীদের প্রধান আইনজীবী ড. কামাল হোসেন এ দিন আদালতে এলেও শুনানিতে অংশ নেননি।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) আইনের ২ সিসি ধারা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে গত ৪ জুন রুল জারি করে আদালত।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অধ্যাদেশ, ১৯৬৯-এর ২ সিসি ধারা চ্যালেঞ্জ করে পাঁচ কোম্পানির ২৪ জন পরিচালকের ৫টি রিট আবেদনের প্রেক্ষিতে আদালত ওই রুল দেয়।
২ সিসি ধারার অনুযায়ী উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে এসইসি নির্দেশনা দিয়েছিল। পাঁচটি আবেদনে এ ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। ২ সিসি ধারায় কোম্পানি আইন ১৯৯৪ অথবা বিদ্যমান কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক না হলে নিয়ন্ত্রক সংস্থাকে শর্তারোপের ক্ষমতা দেওয়া হয়েছে।
উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে এসইসির নির্দেশনার বিরুদ্ধে তিনটি রিট আবেদন খারিজের পর দিন গত ২২ মে এনসিসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স ও প্রাইম ফিনান্সের ২৪ জন পরিচালক হাই কোর্টে এই পাঁচটি আবেদন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/জেকে/১৮৩৫ ঘ.
bdnews24