ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে লেনদেন শুরুর দিনেই প্রায় ৬৭ শতাংশ দাম বেড়েছে সাবমেরিন কেবল কোম্পানির শেয়ারের।
তালিকাভূক্তির পর দেশের দুই শেয়ারবাজারে বৃহস্পতিবার প্রথম লেনদেন শুরু হয় সরকারি এ প্রতিষ্ঠানের।
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৫ টাকা ইস্যু মূল্যের প্রতিটি শেয়ারের লেনদেন শুরু হয় ৪৫ টাকা থেকে, যা দিনশেষে দাঁড়ায় ৫৮ টাকা ৫০ পয়সায়।
সপ্তাহের শেষ দিনে ডিএসইতে মোট লেনদেনের ১৯ শতাংশই ছিল সাবমেরিন কেবলের কোম্পানির শেয়ার।
এদিন ডিএসইতে কোম্পানিটির ১ কোটি ১ লাখ ৬৩ হাজার ৪০০ টি শেয়ার লেনদেন হয়েছে, যার মূল্য ৫৪ কোটি ৪১ লাখ টাকা।
সাবমেরিন কেবলের মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৮৫ লাখ ৯ হাজার ১৭০টি। এর মধ্যে ২৬ দশমিক ১৬ শতাংশ অর্থাৎ ৩ কোটি ১০ লাখ শেয়ার বাজারে ছেড়ে ১০৮ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করেছে কোম্পানিটি।
প্রতিটি ১০ টাকার শেয়ারে প্রিমিয়াম রাখা হয়েছে ২৫ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৭১১ ঘ.
bdnews24