২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

সংসদে পুঁজিবাজারকে ‘দুষ্টু বাজার’ আখ্যায়িত করার পর এবার এটির জন্য ‘ওষুধ’ আনার কথা বললেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2012, 09:46 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- পুঁজিবাজারকে আবারও ‘দুষ্টু’ উল্লে¬খ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, “এটার যেটা ওষুধ, সেটা আসছে।” বুধবার অর্থ মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে শেয়ারবাজার নিয়ে অর্থমন্ত্রীর মন্তব্য এবং এ নিয়ে সমালোচনার বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে অর্থমন্ত্রী এ কথা বলেন। সোমবার দেশের পুঁজিবাজারকে ‘দুষ্টু বাজার’ আখ্যায়িত করে এ নিয়ে কোনো কথা বলতে সংসদে অনীহা প্রকাশ করেছিলেন অর্থমন্ত্রী। সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অর্থমন্ত্রী বলেন, “শেয়ারবাজার সম্পর্কে আমি কোনো বক্তব্য রাখি না। এই শেয়ারবাজার দুষ্টু শেয়ার বাজার।” অর্থমন্ত্রীর এ মন্তব্যের সমালোচনা করে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে অর্থমন্ত্রী বলেন, “পুরো বাজারটাই দুষ্ট, অনেকে এ বাজারে নিঃস্ব হয়ে গেছে, তবুও বাজার ছাড়ছে না। কিছু লোক দুষ্ট নয়, সবাই দুষ্ট।” তবে পুঁজিবাজার নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ তার সমালোচনা করতেই পারে উল্লেখ করেন মন্ত্রী। এ ধরণের মন্তব্য করার কারণ হিসেবে মন্ত্রী বলেন, “শেয়ারবাজার নিয়ে আমি যেভাবে আশা করেছিলাম, যেভাবে হয়নি। আমি হতাশ, আর হতাশা নিয়েই এসব কথা বলছি।” সোমবার সংসদে মুহিত বলেছিলেন, “অনেকে বলেন, আমি কথা বললে বাজারের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। আমি যদি পুঁজিবাজার নিয়ে চিন্তা নাও করি, তাহলেও অর্থনীতির ওপর তার ক্ষতিকর কোনো প্রভাব পড়বে না।” জ্বালানি মূল্য নির্ধারণ পদ্ধতি চূড়ান্ত হচ্ছে আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখে জ্বালানির মূল্য নির্ধারণ পদ্ধতি কিছুদিনের মধ্যেই চূড়ান্ত করা হবে বলে জানান অর্থমন্ত্রী। এ বিষয়ে জ্বালানি মন্ত্রনালয় কাজ করছে এবং নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আলোচনা চলছে বলে জানান মন্ত্রী। মন্ত্রী বলেন, “পদ্ধতি চূড়ান্ত হওয়ার পরই তা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।” গত ২৪ এপ্রিল সাংবাদিকদের মন্ত্রী বলেছিলেন, জ্বালানি মূল্য নির্ধারণ পদ্ধতি বাস্তবায়নের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়া বা কমার সাথে দেশের জ্বালানির দামও ওঠা-নামা করবে। এর আগে অর্থমন্ত্রী সমুদ্রগামী জাহাজ মালিক সমিতি ও বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন। অবকাঠামো উন্নয়ন তহবিল অবকাঠামো উন্নয়ন তহবিল নীতিমালা চূড়ান্ত করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “অবকাঠামো উন্নয়ন তহবিলের জন্য যে বন্ড ছাড়া হবে, তা ২ বছরের জন্য না ৫ বছরের জন্য হবে, তা কিছু দিনের মধ্যেই নির্দিষ্ট করা হবে। অবকাঠামো উন্নয়ন ও এর যথাযথ রক্ষণাবেক্ষণে উন্নয়ন সহযোগীদের ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশি-বিদেশি ও প্রবাসী উৎস থেকে সম্পদ সংগ্রহের জন্য অবকাঠামো উন্নয়ন তহবিল কমিটি গঠন করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৫৩৭ ঘ.