ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অনলাইনে লেনদেনের ব্যবস্থা চালু হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কার্যালয়ে রোববার সকাল সাড়ে ১০টায় অনলাইনে লেনদেনের জন্য এমএসএ প্লাস (মেম্বার সার্ভার অ্যাপ্লিকেশন) সফটওয়ার উদ্বোধন করেন নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (সিএসই) চেয়ারম্যান এম খায়রুল হোসেন।
এ সফটওয়্যারের মাধ্যমে এখন যে কোনো ব্যক্তি ব্রোকারেজ হাউজে উপস্থিত না হয়েও ইন্টারনেটে শেয়ার কেনা ও বিক্রির ফরমায়েশ দিতে পারবেন।
এ সময় ডিএসই সভাপতি রকিবুর রহমানসহ ডিএসই পরিচালক ও সদস্যবৃন্দ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল মারুফ খানসহ পুঁজিবাজার সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসইসি চেয়ারম্যান বলেন, “নতুন সফটওয়ার চালুর ফলে বিনিয়োগকারীরা দেশের যে কোনো প্রান্ত থেকে এমনকি দেশের বাইরে থেকেও লেনদেন করতে পারবে যা পুঁজিবাজারের জন্য অনেক ভালো হবে।”
নতুন পদ্ধতি চালুর ফলে বাজারে স্বচ্ছতা বাড়বে বলে তিনি মনে করেন।
আগামী অর্থবছরের বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় এম খায়রুল হোসেন বলেন, “এটাই একমাত্র খাত যেখানে বাজেটে সব দেওয়া হয়েছে, কিছু নেওয়া হয়নি।”
ডিএসই-এর ওয়েবসাইট অনুযায়ী, বর্তমানে ২৯টি ব্রোকারেজ হাউজে অনলাইন ট্রেডিং চালু হয়েছে। এসব ব্রোকারেজ হাউজে যারা লেনদেন করেন, তারা এ সুবিধা পাচ্ছেন।
ব্রোকারেজ হাউজে চালু হওয়া নতুন সফটওয়ার নিয়ে রয়েল সিকিউরিটিজের লেনদেন করা বিনিয়োগকারী আবুল বাশার জানান, নতুন ইন্টারফেজে ফন্টের আকার আগের ইন্টারফেজের তুলনায় ছোট। এটি আরও বড় হলে ভালো হয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১২০৮ ঘ.
bdnews24