ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ন্যূনতম শেয়ার ধারণের শর্ত পূরণ করতে পারেননি পুঁজিবাজারে তালিকাভুক্ত ২০৯টি কোম্পানির প্রায় ১৬ শতাংশ উদ্যোক্তা পরিচালক।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রকাশ করা তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে।
ডিএসইর হিসেবে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ২৩৫টি। এরমধ্যে ২১ মে পর্যন্ত ২০৯টি কোম্পানি উদ্যোক্তা পরিচালকদের শেয়ার সংক্রান্ত তথ্য দিয়েছে। বাকি ২৯টি কোম্পানি রোববার পর্যন্ত তথ্য দেয়নি।
২০৯টি কোম্পানির ২ হাজার ৯৬ জন পরিচালকের মধ্যে স্বাধীন পরিচালক রয়েছেন ৮৫০ জন, দুই শতাংশ বা তার বেশি শেয়ার রয়েছে ৯১১ পরিচালকের এবং দুই শতাংশের কম শেয়ার রয়েছে ৩৩৫ পরিচালকের।
উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে গত ২২ নভেম্বর প্রজ্ঞাপন জারি করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
ওই প্রজ্ঞাপনে বলা হয়, তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ এবং প্রত্যেক পরিচালকের কাছে আলাদাভাবে দুই শতাংশ শেয়ার থাকতে হবে। তবে স্বাধীন পরিচালকরা এর আওতায় পড়বে না।
৩০ শতাংশ শেয়ার না থাকলে ওই কোম্পানি রাইট শেয়ার ও আরপিও ইস্যু করে পরিশোধিত মূলধন বাড়াতে পারবে না। আর দুই শতাংশ শেয়ার না থাকলে ওই পরিচালকের পদ শূন্য হয়ে যাবে এবং পরবর্তী বার্ষিক সাধারণ সভায় ৫ শতাংশ বা তার বেশি শেয়ারধারণকারী পরিচালক হিসেবে মনোনীত হবে।
এসইসির নির্দেশনা পরিপালনের মেয়াদ শেষ হয়েছে ২১ মে। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে করা তিনটি রিট আবেদনও খারিজ হয়ে গেছে।
২১ মের পরই উদ্যোক্তা পরিচালকদের শেয়ারধারণের তথ্য জানাতে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে চিঠি পাঠায় ডিএসই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৯০৪ ঘ.
উদ্যোক্তা পরিচালকদের শেয়ারের চিত্র
bdnews24