ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের প্রথম দিন নতুন সময়সূচিতে লেনদেন শুরু হওয়ার পর সূচক বেড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
দেশের দুই পুঁজিবাজারে সময়সূচি আধ ঘণ্টা এগিয়ে আনায় রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয় সকাল সাড়ে দশটায়।
লেনদেনের শুরু থেকে ধাপে ধাপে সূচক ওপরের দিকে উঠতে থাকে। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক গতদিনের চেয়ে প্রায় ১২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৪৪টির, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত ছিল ৪টির। হাতবদল হয়েছে ২৭৭ কোটি টাকার শেয়ার।
রোববার থেকে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চলার সিদ্ধান্ত হয়। কয়েক বছর ধরে দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হতো সকাল ১১টায় এবং শেষ হতো বেলা তিনটায়।
গত ৩১ মার্চ চট্টগ্রামে দুই স্টক এক্সচেঞ্জের যৌথ সভায় নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিষয়টি বিবেচনায় রেখে লেনদেনের সময়সীমা আধ ঘণ্টা এগিয়ে আনার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক প্রায় ৬৩ দশমিক ৫৯ পয়েন্ট বা ১ দশমিক ৩৩ শতাংশ কমে। গড় দৈনিক লেনদেন কমে দাঁড়ায় ১৯৩ কোটি টাকায় যা তার আগের সপ্তাহে ছিল ২৯২ কোটি টাকা।
গত সপ্তাহের আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক প্রায় ১৯৩ দশমিক ৮৭ পয়েন্ট বা ৩ দশমিক ৮৮ শতাংশ কমে।
এরও আগের চার সপ্তাহে সাধারণ সূচক যথাক্রমে ৮৪ দশমিক ৮৪ পয়েন্ট, ৮৪ পয়েন্ট, ২ পয়েন্ট ও ২০৪ পয়েন্ট কমেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪৪৬ ঘ.
bdnews24