ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের ন্যূনতম শেয়ারধারণ নিয়ে নিয়ন্ত্রক সংস্থা এসইসির জারি করা প্রজ্ঞাপনের ওপর স্থগিতাদেশ চেয়ে করা একটি রিট আবেদন প্রত্যাহার করে করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এক পরিচালক।
বৃহস্পতিবার ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালক আব্দুল কাদের চৌধুরী জানান, বিনিয়োগকারীদের স্বার্থে তিনি তার করা রিট আবেদনটি প্রত্যাহার করার জন্য আইনজীবীকে বলেছেন।
আব্দুল কাদের চৌধুরীর সঙ্গে যৌথভাবে রিট আবেদনটি করেছিলেন প্রতিষ্ঠানের আরেক পরিচালক রিজিয়া ইউনূস।
এই রিট আবেদনসহ ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের শহীদ মোকাররম আলীসহ ১১ পরিচালকের দায়ের করা রিট আবেদনের শুনানি শেষে এসইসির প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চায় আদালত।
মঙ্গলবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ এই রুল জারি করে। ১৮ তারিখের মধ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে এর জবাব দিতে হবে।
সোমবার পপুলার লাইফ ইন্সুরেন্সের পরিচালক আবুল বাশারের একটি রিট আবেদনের ওপর শুনানি শেষেও এই বেঞ্চ এসইসিকে দুই সপ্তাহের মধ্যে জবাব দিতে রুল জারি করেছিল। এসইসির জবাব পাওয়ার পর একই বিষয়ে করা এই তিনটি রিটের শুনানি হওয়ার কথা রয়েছে।
আব্দুল কাদের জানান, প্রথম থেকে প্রতিষ্ঠানের যে পরিমান শেয়ার ছিল, এখনো তার সেটুকুই আছে। তিনি কখনো শেয়ার বিক্রি করিনি। কিন্তু এসইসির নির্দেশনা জারির পর ২ শতাংশের কম শেয়ার থাকায় তাকে শেয়ার কিনতে হচ্ছে। এ কারণেই তিনি রিট করেছিলেন।
গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক আদেশে বলা হয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের কাছে সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ এবং আলাদাভাবে ২ শতাংশ শেয়ার থাকতে হবে।
৬ মাসের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে, যা শেষ হবে ২১ মে।
এসইসির এই নির্দেশনার বিরুদ্ধে গত ৮ এপ্রিল ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এনসিসিবিএল) পরিচালক হতে আবেদন করা শেখ আব্দুল মোমিন একটি রিট করেছিলেন।
ওই রিটের শুনানি শেষেও আদালত একটি রুল জারি করে চার সপ্তাহের মধ্যে অর্থ সচিব, বাণিজ্য সচিব, এসইসি চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনসিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক, জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মের রেজিস্ট্রার, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসএন/এসইউ/১৩০৪ ঘ.
bdnews24