ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ দিন লেনদেন শেষে সাধারণ সূচক বেড়েছে প্রায় পৌনে দুশ’ পয়েন্ট।
ঢাকা স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার লেনদেনের শুরুতে সূচকে ওঠানামা চললেও বেলা ১১টা ৪০ থেকে সূচক ওপরের দিকে উঠতে থাকে। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ১৭৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৬ পয়েন্ট হয়েছে।
হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৩৮টির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত আছে ৫টির দাম। লেনদেন হয়েছে প্রায় ৪২১ কোটি টাকার শেয়ার, যা গতদিনের চেয়ে প্রায় ৩৯ কোটি টাকা বেশি।
ডিএসইতে বুধবার লেনদেন শেষে সাধারণ সূচক প্রায় ১৬৯ পয়েন্ট কমে। দরপতনের প্রতিবাদে সেদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ করে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার দুপুরে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের ন্যূনতম শেয়ারধারণ নিয়ে হাই কোর্টে দায়ের রিট আবেদনকারীদের প্রতীকি কুশ পুত্তলিকা পুড়িয়েছে চট্টগ্রামের বিনিয়োগকারীদের সংগঠন চিটাগাং ইনভেস্টরস ফোরাম।
এ সময় বিনিয়োগকারীদের সংগঠনটির নেতারা দাবি করেন, শেয়ারবাজারে অব্যাহত দরপতনের জন্য কিছু কোম্পানির পরিচালকই দায়ী। কিছু পরিচালক শেয়ার না কেনার জন্য উচ্চ আদালতে রিট করে বসে আছেন।
দরপতনের প্রতিবাদে বুধবারও কিছু বিনিয়োগকারী চট্টগ্রামে বিক্ষোভ করে।
ডিএসইতে মঙ্গলবার লেনদেনে শেষে সাধারণ সূচক কমে ৯৮ দশমিক ৬২ পয়েন্ট। সোমবার সাধারণ সূচকে যোগ হয়েছিল প্রায় ৮ পয়েন্ট।
সব মিলিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে এ সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমেছে প্রায় ৮৪ পয়েন্ট।
গত সপ্তাহে সাধারণ সূচক কমে প্রায় ২ পয়েন্ট। দৈনিক গড় লেনদেন কমে দাঁড়ায় ৪৫৩ কোটি টাকায় যা তার আগের সপ্তাহে ছিল ৭৬১ কোটি টাকা। এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ২০৪ পয়েন্ট বা ৩ দশমিক ৮ শতাংশ কমেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/১৫৫৩ ঘ.
bdnews24