ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম দিন দরপতনের পর সোমবার সাধারণ সূচক বেড়েছে।
নির্ধারিত সময়ের আগেই সিংহভাগ সদস্য লগইন করায় সোমবার যথাসময়ে বেলা ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়। এরপর থেকে সাধারণ সূচক ধাপে ধাপে বাড়তে থাকে। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক প্রায় ৮৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৮ পয়েন্ট হয়েছে।
হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২১৪টির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত আছে ১৫টির দাম। লেনদেন হয়েছে প্রায় ৪৪৮ কোটি টাকার শেয়ার।
ঢাকা স্টক এক্সচেঞ্জে রোববার সপ্তাহের প্রথম দিন লেনদেন শেষে সাধারণ সূচক কমে প্রায় ১৫২ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ৪৩০ কোটি টাকার শেয়ার।
গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমে ২০৪ পয়েন্ট বা ৩ দশমিক ৮ শতাংশ। দৈনিক গড় লেনদেন কমে দাঁড়ায় ৭৬১ কোটি টাকায় যা আগের সপ্তাহে ছিল ১ হাজার ২১ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫৩১ ঘ.
bdnews24