ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিচালকদের শেয়ার ধারণ সম্পর্কিত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রজ্ঞাপন নিয়ে হাই কোর্টের রুলের বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা করেছে নিয়ন্ত্রক সংস্থা এসইসির প্রতিনিধি দল।
বৃহস্পতিবার বিকেল সোয়া চারটায় এসইসি চেয়ারম্যান এম খায়রুল হোসেন এবং সদস্য হেলাল উদ্দিন নিজামী, আমজাদ হোসেন ও আব্দুস সালাম সিকদার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কার্যালয়ে যান।
আধ ঘণ্টার বৈঠক শেষে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন “এসইসির চেয়ারম্যান এসেছিলেন আলোচনা করার জন্য। যে রিটটি দায়ের করা হয়েছে, তা নিয়ে আমরা কীভাবে এগুবো এ নিয়ে আলোচনা হয়েছে।”
“পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে এসইসি চেয়ারম্যান আমাকে অবহিত করেছেন। তিনি বলেছেন, পদক্ষেপগুলো বিনিয়োগকারীদের বিনিয়োগকারীদের মঙ্গলের জন্য নেওয়া। রিটটি আমরা যাতে ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করি এ ব্যাপারে উনারাও তৎপর, উনাদের আইনজীবী হিসেবে আমিও ভীষণভাবে তৎপর”, যোগ করেন তিনি।
আলোচনার নিয়ে জিজ্ঞেস করা হলে এসইসির সদস্য হেলাল উদ্দিন নিজামী বলেন, “প্রজতন্ত্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে অ্যাটর্নি জেনারেল যা বলেছেন সেটাই আমাদের বক্তব্য।”
এর আগে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি রকিবুর রহমানের নেতৃত্বে ডিএসইর একটি প্রতিনিধি দল অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করেন।
রোববার এক আদেশে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণে নিয়ন্ত্রক সংস্থা এসইসির জারি করা প্রজ্ঞাপনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চায় হাই কোর্ট।
চার সপ্তাহের মধ্যে অর্থ সচিব, বাণিজ্য সচিব, এসইসি চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনসিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক, জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মের রেজিস্ট্রার, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে গত ২২ নভেম্বর এই প্রজ্ঞাপন জারি করেছিল এসইসি।
ওই আদেশে বলা হয়, একটি কোম্পানির মোট পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ ওই প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও পরিচালকদের হাতে থাকতে হবে। আর ব্যক্তিগতভাবে প্রত্যেকে পরিচালকের হাতে ন্যূনতম ২ শতাংশ শেয়ার থাকতে হবে, তা না হলে তিনি পরিচালক পদ হারাবেন।
গত ৪ এপ্রিল সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (এসইসি) নির্দেশনা মেনে নির্দিষ্ট সময়ের মধ্যেই পুঁজিবাজার থেকে শেয়ার কেনার বাধ্যবাধকতার কথা উদ্যোক্তা-পরিচালকদের মনে করিয়ে দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
এসইসির এই আদেশের কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়, আগামী ২১ মে শেয়ার কেনার সময়সীমা শেষ হবে। উদ্যোক্তা-পরিচালকদের যারা এখনও ২ শতাংশ ও ৩০ শতাংশের কোটা পূরণ করেননি, তাদের এ সময়ের মধ্যে শেয়ার কেনা শেষ করার কথা মনে করিয়ে দিতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের অনুরোধ করা হয়েছে ডিএসইর এই চিঠিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৭২৫ ঘ.
bdnews24