২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে

দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় দিন লেনদেন শেষে সাধারণ সূচকে যোগ হয়েছে ৬০ পয়েন্ট। লেনদেন হয়েছে প্রায় ৯৯০ কোটি টাকার শেয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2012, 05:39 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকে ঊর্ধ্বগতির পর সোমবারও সূচক বেড়েছে। গত সোয়া চার মাসের মধ্যে লেনদেন হয়েছে সর্বোচ্চ। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর পর পাঁচ মিনিটে সাধারণ সূচক বাড়ে ৬৭ পয়েন্ট। এর পর ওঠানামার মধ্য দিয়ে সূচক ১১৮ পয়েন্ট বাড়ে। কিন্তু শেষ এক ঘণ্টায় সূচক কিছুটা নিচের দিকে নামে। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৬০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৬২ পয়েন্ট হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির দাম। লেনদেন হয়েছে প্রায় ৯৯০ কোটি টাকার শেয়ার যা আগের দিনের চেয়ে প্রায় ১৭৭ কোটি টাকা বেশি। চার মাসের মধ্যেও এটি সর্বোচ্চ লেনদেন। এর আগে এর চেয়ে বেশি এক হাজার ৫১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল গত বছরের ২৩ নভেম্বর। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয় প্রায় ১৩২ পয়েন্ট। গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ২৩১ পয়েন্ট বা ৪.৮৭ শতাংশ বাড়ে। গত সপ্তাহে গড়ে দৈনিক লেনদেন ছিল ৭৯৯ কোটি টাকা যা এর আগের সপ্তাহের দৈনিক গড় লেনদেনের চেয়ে ৬৭ দশমিক ৭৪ শতাংশ বেশি। এর আগের সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক বাড়ে ২১৫ পয়েন্ট বা ৪ দশমিক ৭৫ শতাংশ। তারও আগের সপ্তাহে সাধারণ সূচক ১৯৮ পয়েন্ট বা ৪ দশমিক ৫৭ শতাংশ বেড়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫১৫ ঘ.