২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেয়া কসমেটিকসের রাইট শেয়ার অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভূক্ত কেয়া কসমেটিকস লিমিটেডের রাইট শেয়ার ছাড়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 01:12 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে তালিকাভূক্ত কেয়া কসমেটিকস লিমিটেডের রাইট শেয়ার ছাড়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। রাইট শেয়ার ছাড়ার মাধ্যমে ঔষধ ও রসায়ন খাতের কোম্পানিটি বাজার থেকে প্রায় ১৪৮ কোটি টাকা সংগ্রহ করবে। মঙ্গলবার এসইসির সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেয়া কসমেটিকস একটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ছাড়বে। প্রতিটি শেয়ারে ১০ টাকা প্রিমিয়ামসহ ইস্যু মূল্য হবে ২০ টাকা। কোম্পানিটি ৭ কোটি ৩৯ লাখ ৯৪ হাজার ৪৯৪টি শেয়ার ছেড়ে ১৪৭ কোটি ৯৮ লাখ ৮৯ হাজার ৮৮০ টাকার সংগ্রহ করতে পারবে। রাইট শেয়ার ছেড়ে সংগ্রহ করা অর্থের কিছু অংশ দিয়ে দিয়ে কেয়া কসমেটিকস ঋণ পরিশোধ করবে। বাকি টাকা চলতি পুঁজি হিসেবে ব্যবহার করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত ২২ অগাস্ট কেয়া কসমেটিকস রাইট শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের প্রস্তাব দেয়। তখন প্রতিটি শেয়ারের প্রিমিয়াম ধরা হয়েছিল ২০ টাকা, যা পরবর্তীতে কমিয়ে দেওয়া হয়। গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, প্রতিটি শেয়ারের প্রিমিয়াম কমিয়ে ২০ টাকা থেকে ১০ টাকা করা হয়েছে। প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় কমিশন সভায় এছাড়া চারটি কোম্পানির প্রত্যেক পরিচালককে ১ লাখ করে টাকা জরিমানা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কোম্পানিগুলো হলো, আমাম সি ফুড, খাজা মোজাইক টাইলস অ্যান্ড স্টোন ইন্ডাস্ট্রিজ, রাসপিট বাংলাদেশ ও ঢাকা ফিসারিজ লিমিটেড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৯০৬ ঘ.