ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ দিন সূচক ও লেনদেনে দুটোই গতদিনের চেয়ে বেড়েছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরু পর থেকেই সূচক বাড়তে থাকে। বেলা সোয়া ১২টায় সূচক ৮৫ পয়েন্ট পর্যন্ত বাড়ে। এরপর সূচক কিছুটা কমতে থাকে। লেনদেন শেষে সাধারণ সূচক ৩২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৪৩ পয়েন্ট হয়েছে।
হাতবদল হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৫৫টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত আছে ২৪টির। লেনদেন হয়েছে প্রায় ৩৭১ কোটি টাকার শেয়ার যা গতদিনের চেয়ে প্রায় ৫১ কেটি টাকা বেশি।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক কমে ১২ পয়েন্ট। মঙ্গলবার সূচকে যোগ হয় ১৭৩ পয়েন্ট। সোমবার সাধারণ সূচকে বাড়ে হয় ২৪ পয়েন্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে দরপতনের পর এ সপ্তাহের প্রথম দিন ডিএসই সাধারণ সূচক কমে ২৭ পয়েন্ট।
সব মিলিয়ে এ সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ১৯৮ পয়েন্ট বেড়েছে।
গত সপ্তাহের শুরুতেই পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পোষানোর জন্য তাদের নেওয়া ঋণের সুদ অর্ধেক মওকুফের ঘোষণা আসার পরও পাঁচ কার্যদিবসে (৪ মার্চ থেকে ৮ মার্চ) সাধারণ সূচক কমে ২০৮ পয়েন্ট বা ৪ দশমিক ৫৮ শতাংশ।
গত সপ্তাহে পুঁজিবাজার সংশি¬ষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পোষাতে তাদের নেওয়া মার্জিন ঋণের এক বছরের সুদের ৫০ শতাংশ মওকুফ করা হবে। এছাড়া শেয়ারের আগামী প্রাথমিক গণপ্রস্তাবগুলোয় (আইপিও) ২০ শতাংশ কোটাও থাকবে তাদের জন্য।
পুঁজিবাজারে ১০ লাখ টাকা পর্যন্ত নিজস্ব অর্থ বিনিয়োগকারীকে ক্ষুদ্র বিনিয়োগকারী ধরা হয়েছে।
২০১০ সালের ডিসেম্বর পুঁজিবাজারে বড় ধরনের অস্থিরতা শুরু হওয়ার পর চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এক বছর দুই মাসে তিন দফায় দরপতন হয় প্রায় ৬০ শতাংশ। ২ ফেব্রুয়ারি ডিএসই সাধারণ সূচক ৩ হাজার ৬১৬ পয়েন্ট পর্যন্ত নামে। এরপর থেকে সূচক আবার বাড়তে শুরু করলেও গত সপ্তাহে আবার তা কমছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫১৫ ঘ.
bdnews24