ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পোষানোর জন্য তাদের নেওয়া ঋণের সুদ অর্ধেক মওকুফের ঘোষণা আসার পরদিনই ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতন হয়েছে।
সোমবার দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর পর আধ ঘণ্টা সূচকে ওঠানামা চলে। এরপর সূচক কমতে শুরু করে। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক গতদিনের চেয়ে ১৯২ পয়েন্ট কমে ৪ হাজার ৩৮৫ পয়েন্ট হয়েছে।
হাতবদল হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১০টির, কমেছে ২৩৯টির এবং অপরিবর্তিত আছে ৬টির। লেনদেন হয়েছে ৩০৪ কোটি টাকার শেয়ার।
সপ্তাহের প্রথম দিন রোববার দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচকে যোগ হয় ২৩ পয়েন্ট।
রোববার দুপুরে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পোষাতে তাদের নেওয়া মার্জিন ঋণের এক বছরের সুদের ৫০ শতাংশ মওকুফ করা হবে। এছাড়া শেয়ারের আগামী প্রাথমিক গণপ্রস্তাবগুলোয় (আইপিও) ২০ শতাংশ কোটাও থাকবে তাদের জন্য।
পুঁজিবাজারে ১০ লাখ টাকা পর্যন্ত নিজস্ব অর্থ বিনিয়োগকারীকে ক্ষুদ্র বিনিয়োগকারী ধরা হয়েছে।
২০১০ সালের ডিসেম্বর পুঁজিবাজারে বড় ধরনের অস্থিরতা শুরু হওয়ার পর চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এক বছর দুই মাসে তিন দফায় দরপতন হয় প্রায় ৬০ শতাংশ। ২ ফেব্রুয়ারি ডিএসই সাধারণ সূচক ৩ হাজার ৬১৬ পয়েন্ট পর্যন্ত নামে। এরপর থেকে সূচক আবার বাড়তে থাকে।
গত সপ্তাহে (২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ) ডিএসই সাধারণ সূচকে যোগ হয়েছে ১৮৬ পয়েন্ট। এ নিয়ে টানা চার সপ্তাহ সূচক বাড়ল।
গত সপ্তাহের আগের সপ্তাহে (১৯ থেকে ২৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয় ১০৮ পয়েন্ট। তারও আগের সপ্তাহে (১২ ফেব্রুয়ারি-১৬ ফেব্রুয়ারি) সাধারণ সূচক ২৪৫ পয়েন্ট বা ৬.১৯ শতাংশ বাড়ে। এর আগের সপ্তাহেও (৫ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি) ডিএসই সাধারণ সূচকে যোগ হয় ১৬৫ পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫১৫ ঘ.
bdnews24