ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পোষানোর পদক্ষেপ আগামী ১০ দিনের মধ্যে চূড়ান্ত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আস্থার সংকট কাটিয়ে পুঁজিবাজার স্থিতিশীল করতে সরকারের প্রচেষ্টা সফল হবে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার বিকেলে অর্থ মন্ত্রণালয়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী।
এরপর তিনি সাংবাদিকদের বলেন, “ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার লক্ষ্যে গঠন করা কমিটি আজ আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন জমা দিয়েছে।”
ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করা হয়েছে উল্লেখ করে মুহিত বলেন, “তাদের এসব সুপারিশ যাচাই-বাছাই করতে আরো কয়েকদিন সময় লাগবে।”
“আগামী ১০ দিনের মধ্যে বিষয়টি চূড়ান্ত করে আপনাদের মাধ্যমে জানাতে পারবো।”
“তবে এটা বলতে পারি যে, এমন একটা উদ্যোগ নেব যেটা সবার জন্যই ভালো হবে,” যোগ করেন অর্থমন্ত্রী।
২০১০ সালের ডিসেম্বর থেকে পুঁজিবাজারে অস্থিরতা শুরু হয়। এরপর চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত একবছর তিন মাসে তিন দফায় দরপতন হয় প্রায় ৬০ শতাংশ।
এর মধ্যেই গত ১৬ নভেম্বর পুঁজিবাজার সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাজার স্থিতিশীল করার পাশাপাশি ক্ষুদ্র বিনিয়োগকারীদে ক্ষতি পুষিয়ে দেওয়ার নির্দেশ দেন।
ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে বিভিন্ন সুপারিশ প্রণয়ণের লক্ষ্যে সরকারের ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়।
অর্থমন্ত্রী জানান, বর্তমানে দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীর সংখ্যা ১৭ লাখ। এর মধ্যে ১৫ লাখই ক্ষুদ্র বিনিয়োগকারী।
তিনি বলেন, “দেশের পুঁজিবাজারের তারল্যের কোনো সংকট নেই। আস্থার সংকট রয়েছে। আমরা আস্থার সংকট ফিরিয়ে আনতে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
“গত এক বছরে এসইসি অনেক বিধিবিধান করেছে, যা পুঁজিবাজারের জন্য সহায়ক হবে।”
মুহিত বলেন, “আমরা একটি স্থিতিশীল বাজার চাই। বড় ধরণের উত্থান-পতন খারাপ। আমাদের উদ্দেশ্য বাজার স্থিতিশীল করা।”
“এ লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আশা করছি আমরা সফল হব,” যোগ করেন অর্থমন্ত্রী।
ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পোষাতে কী ধরণের উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে কমিটি- তা জানতে চাওয়া হলে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান মো. নুরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকটি সুপারিশ আছে। এর মধ্যে রয়েছে- একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মার্জিন ঋণের একটা অংশের সুদ মওকুফ করা, নতুন কোম্পানির তালিকাভুক্তির সময় আইপিওতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য কোটা রাখার বিষয়টি আছে।”
বৈঠকে উপস্থিত ছিলেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারি, বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম. খায়রুল হোসেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান, বাংলাদের্শ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজসহ আরো অনেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরবি/পিডি/১৯৩৯ ঘ.
bdnews24