২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টানা দরপতনের পর গত সপ্তাহে সূচক বেড়েছে

প্রায় এক মাস দরপতনের পর ব্যাংকে আমানতে সুদের হার কমানোর খবর এবং অস্বাভাবিক লেনদেনের বিরুদ্ধে নিয়ন্ত্রক সংস্থার তদন্তে নামার পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে ঢাকার পুঁজিবাজারে সূচক বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 12:08 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় এক মাস দরপতনের পর ব্যাংকে আমানতে সুদের হার কমানোর খবর এবং অস্বাভাবিক লেনদেনের বিরুদ্ধে নিয়ন্ত্রক সংস্থার তদন্তে নামার পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে ঢাকার পুঁজিবাজারে সূচক বেড়েছে। একইসঙ্গে বেড়েছে বাজার মূলধন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দরও। গত সপ্তাহে (৬ ফেব্র“য়ারি থেকে ৯ ফেব্র“য়ারি) চার কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ১৬৫ পয়েন্ট বা ৪ দশমিক ২৯ শতাংশ বেড়ে হয়েছে ৪ হাজার ১০ পয়েন্ট। তিন দিন ছুটির পর গত সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ডিএসই সাধারণ সূচক কমে ২২৯ পয়েন্ট। কিন্তু এর পর দিন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ব্যাংকগুলোর আমানতে সুদের হার কমিয়ে সাড়ে ১২ শতাংশ রাখার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া সোমবারই শেয়ারবাজারের দরপতন নিয়ে সংসদে আলোচনা করেন মহাজোট সরকারের কয়েকজন জ্যেষ্ঠ সাংসদ। মঙ্গলবার ডিএসই সাধারণ সূচক এক লাফে ৩২৯ পয়েন্ট বেড়ে যায়। তবে বুধবার তা আবার ১৩৫ পয়েন্ট কমে গেলে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) থেকে লংকাবাংলা সিকিউরিটিজের বিরুদ্ধে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ তুলে তদন্ত কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকে যোগ হয় ২০১ পয়েন্ট। গত সপ্তাহের বাজারের গতি প্রকৃতি নিয়ে জানতে চাওয়া হলে ডিএসই সাবেক সভাপতি রকিবুর রহমান বলেন, “আমানতের সুদের হার কমানো, সংসদে পুঁজিবাজার নিয়ে আলোচনা, এসইসির পদক্ষেপ সবকিছু মিলিয়ে গত সপ্তাহে একটা ইতিবাচক ধারায় এসেছে পুঁজিবাজার।” “এছাড়া লংকাবাংলা সিকিউরিটিজের বিষয়ে যে অভিযোগ উঠেছে, এসইসিকে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে দোষ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া উচিৎ। বাজারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য আর কেউ জড়িত রয়েছে কি না তাও খতিয়ে দেখা উচিৎ”, বলেন তিনি। এ সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২১১টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টির।। গত সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল, গ্রামীণফোন, এনবিএল, বেক্সিমকো লিমিটেড, ইউনাইটেড এয়ারওয়েজ, স্যোসাল ইসলামী ব্যাংক, আরএন স্পিনিং, স্কয়ার ফার্মা, বিকন ফার্মা, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক ও ফুওয়াং সিরামিক। গত সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ছিল, এইচ আর টেক্সটাইল, অষ্টম আইসিবি মিউচুয়াল ফান্ড, সামিট পাওয়ার, কাশেম ড্রাইসেলস, ঢাকা ব্যাংক, এনবিএল, প্রাইম ব্যাংক, বেক্সিমকো সিনথেটিকস, রিপাবলিক ইন্সুরেন্স, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। দাম কমার শীর্ষে ছিল, ডাচবাংলা ব্যাংক, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বার্জার পেইন্টস, নর্দার্ন জুট, কোহিনুর কেমিক্যালস, সমতা লেদার, মডার্ন ডায়িং, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড, লংকাবাংলা ফাইন্যান্স ও ম্যারিকো বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৮০১ ঘ.